Cvoice24.com

চকরিয়ায় রাতে ছাত্রদল নেতাকে অপহরণ, ভোরে জঙ্গলে মিললো মরদেহ

প্রতিনিধি, সিভয়েস২৪
১৪:১২, ২৮ সেপ্টেম্বর ২০২৬
চকরিয়ায় রাতে ছাত্রদল নেতাকে অপহরণ, ভোরে জঙ্গলে মিললো মরদেহ

কক্সবাজারের চকরিয়ায় মো. ইশফাতুল ইসলাম জিসান (২৫) নামের এক ছাত্রদল নেতাকে অপহরণের পর হত্যার অভিযোগ উঠেছে। অপহরণের প্রায় চার ঘণ্টা পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে পাহাড়ি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের লোটনী এলাকায় ছাবের সওদাগরের দোকানের সামনে থেকে সাদা রঙের একটি মাইক্রোবাসে করে জিসানকে তুলে নেওয়া হয় বলে পরিবারের অভিযোগ।

পরে সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোররাত তিনটার দিকে খুটাখালী ইউনিয়নের মেদাকচ্ছপিয়া জাতীয় উদ্যান এলাকার মহাসড়কের পাশের জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

জিসান লোটনী গ্রামের নাজেম উদ্দিনের ছেলে। তিনি কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন।

পরিবারের অভিযোগ, অপহরণের পর জিসানকে চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সবুজবাগ এলাকার কবির টাওয়ারের একটি ফ্ল্যাটে নিয়ে হত্যা করা হয়। পরে তার মরদেহ একই মাইক্রোবাসে করে মেদাকচ্ছপিয়া এলাকায় নিয়ে ফেলে দেওয়া হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, সোমবার ভোররাতে মহাসড়কের পাশে জঙ্গলের ভেতর একটি মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মরদেহটি জিসানের বলে শনাক্ত করা হয়। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, পরিবারের অভিযোগের ভিত্তিতে কবির টাওয়ারের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে দারোয়ান ও বেশ কয়েকজন নারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের সঠিক কারণ জানতে তদন্ত চলছে।

কক্সবাজার সব খবর