চন্দনাইশে মাদকবিরোধী অভিযানে ১২ জনের সাজা
চন্দনাইশ প্রতিনিধি
চট্টগ্রামের চন্দনাইশে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবন করে জনমনে বিঘ্ন সৃষ্টির অভিযোগে ১২ জনকে গ্রেপ্তার করে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমের নির্দেশনায় চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্বে রবিবার রাত সাড়ে ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত থানার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন, ইরফানুল হক (২১), মো. কুতুব উদ্দিন (২৭), মো. জয়নাল (২৪), মহিন (২৫), মো. ইসমাইল (২৭), মো. সাকিব (২৭), মো. সুমন উদ্দিন (২৭), মো. রিয়াদ (২৭), মো. শাহজাহান (২৫), সারোয়ার (২০), আবুল কালাম (২৫) ও আহম্মদ উল্লাহ (২৫)। তাদের বাড়ি চন্দনাইশ থানার বিভিন্ন এলাকায়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ধারায় দায়ের হওয়া পৃথক পৃথক ভ্রাম্যমাণ আদালত মামলায় সাজাপ্রাপ্ত ১২ জনকেও গ্রেপ্তার করা হয়। প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড এবং সাজার মেয়াদভেদে ১৫ দিন থেকে এক মাস পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
দায়ের করা পৃথক ১২টি ভ্রাম্যমাণ আদালত মামলায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা এই দণ্ড দেন।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার জানান, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার ১২ জনকে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর














