Cvoice24.com

কাস্টমস কর্মকর্তার ফোন-ল্যাপটপ ছিনতাই, গ্রেপ্তার ১

সিভয়েস২৪ প্রতিবেদক
১৭:৪১, ২৮ সেপ্টেম্বর ২০২৬
কাস্টমস কর্মকর্তার ফোন-ল্যাপটপ ছিনতাই, গ্রেপ্তার ১

নগরের কদমতলীতে এক কাস্টমস কর্মকর্তার মোবাইল ফোন ও ল্যাপটপ ছিনতাইয়ের ঘটনায় এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছিনতাই হওয়া ল্যাপটপ উদ্ধার করা হয়। 

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (সদর) আমিনুর রশিদ।

পুলিশ জানায়, ২০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা ১০ মিনিটে কোতোয়ালী থানার কদমতলী আটমাসিং থেকে রেললাইনগামী সড়কে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। বাসার উদ্দেশে রওনা হওয়া কাস্টমস কর্মকর্তা মো. হাসানুজ্জামান খানের (৪১) পথরোধ করে অজ্ঞাতনামা ছিনতাইকারীরা জোরপূর্বক একটি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ ছিনিয়ে নেয়। এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে কোতোয়ালী থানায় অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে মামলা করা হয়।

সহকারী কমিশনার (সদর) আমিনুর রশিদ বলেন, 'এ মামলার প্রেক্ষিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করেন। সদরঘাট থানা এলাকা থেকে একাধিক মামলার আসামি মো. আনোয়ার হোসেনকে (৩১) গ্রেপ্তার করা হয়। এ সময় ছিনতাই হওয়া ল্যাপটপটি উদ্ধার করা হয়। গ্রেপ্তার আনোয়ার হোসেনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।'