Cvoice24.com

ফটিকছড়িতে এবার দিনদুপুরে গাড়ি থামিয়ে ছিনতাই

ফটিকছড়ি প্রতিনিধি, সিভয়েস২৪
১৩:১৫, ২৯ সেপ্টেম্বর ২০২৬
ফটিকছড়িতে এবার দিনদুপুরে গাড়ি থামিয়ে ছিনতাই

চট্টগ্রামের ফটিকছড়িতে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা বেড়েই চলেছে। এবার দিনদুপুরে গাড়ি থামিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এতে এক সিএনজিচালিত অটোরিকশাচালককে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ফটিকছড়ি উত্তর উপজেলার ভূজপুর ন্যাশনাল স্কুলের সামনে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্য, একাধিক সিএনজি অটোরিকশা থামিয়ে যাত্রীদের কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। এ সময় একটি সিএনজি অটোরিকশার চালককে মারধর করা হয়।

স্থানীয়দের অভিযোগ, ফটিকছড়ি ও ফটিকছড়ি উত্তর উপজেলায় সাম্প্রতিক সময়ে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। একের পর এক ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

 এর আগে, রবিবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে ফটিকছড়ি উত্তর উপজেলা ও মিরসরাই সীমান্তের নয়াটিলা মাজারের পূর্ব পাশে এক ট্রাকচালককে কুপিয়ে জখম করে তার সঙ্গে থাকা মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে।

তারও  আগে ২৩ সেপ্টেম্বর দিবাগত রাতে ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর গ্রামের দারগ আলী তালুকদার বাড়ির ব্যবসায়ী আলমগীর হোসেন বাহাদুরের বসতঘর থেকে প্রায় ১২ ভরি স্বর্ণালংকার চুরির অভিযোগ পাওয়া যায়।

২১ সেপ্টেম্বর গভীর রাতে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পাঁচপুকুরিয়া এলাকায় শ্রী শ্রী মগধেশ্বরী মন্দিরে চুরির ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, মন্দিরের গেটের গ্রিল ও তালা কেটে স্বর্ণালংকার, পূজার সামগ্রী ও দানবাক্সের টাকা নিয়ে যায় চোরেরা।

১৮ সেপ্টেম্বর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পাইন্দং ইউনিয়নের ঘোগিনাঘাটা এলাকার নুরুল আলম ফোরম্যান বাড়িতে ডাকাতির অভিযোগ ওঠে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, প্রবাসী খোরশেদুল আলমের পরিবারের সদস্যদের হাত-মুখ বেঁধে জিম্মি করে ডাকাত দল নগদ টাকা, প্রায় সাড়ে ১১ ভরি স্বর্ণালংকার ও তিনটি মোবাইল ফোন নিয়ে যায়।

১৭ সেপ্টেম্বর রাতে নাজিরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের টেকের দোকান এলাকায় পল্লী বিদ্যুতের একটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটে।

১০ সেপ্টেম্বর গভীর রাতে ফটিকছড়ি উপজেলার কিপাইতনগর মুনিরুল উলুম দাখিল মাদ্রাসার তালা ভেঙে চুরির ঘটনা ঘটে।

এর আগে ৬ সেপ্টেম্বর ফটিকছড়ি উত্তর উপজেলার ভূজপুর ইউনিয়নের পোদ্দারপাড়া এলাকায় একটি পরিত্যক্ত ঘরের দরজার তালা কেটে মালামাল নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তিন কিশোরকে আটক করেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ফটিকছড়ি উত্তর উপজেলার হারুয়ালছড়ি ও ভূজপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় নিয়মিত গরু চুরির ঘটনা ঘটছে। একসময় বিচ্ছিন্নভাবে এসব ঘটনা ঘটলেও বর্তমানে তা অনেক পরিবারের জন্য নিয়মিত উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

এ কারণে রাতের বেলায় বাড়তি সতর্কতা অবলম্বন করছেন স্থানীয়রা। অনেক পরিবার মূল্যবান জিনিসপত্রও নিরাপদ স্থানে রাখার চেষ্টা করছেন।

বিবিরহাট বাজার বণিক কল্যাণ সমিতির সিনিয়র সহ-সভাপতি নাজমুল আলম বলেন, চোরেরা সাধারণত গভীর রাতে বাড়ির পেছনের অংশ বা নির্জন স্থান দিয়ে সিঁধ কেটে ঘরে প্রবেশ করে। পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকার সুযোগে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল নিয়ে তারা পালিয়ে যায়।

তিনি বলেন, শুধু একটি-দুটি এলাকায় নয়, উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামাঞ্চলেও একই কৌশলে ধারাবাহিকভাবে চুরির ঘটনা ঘটছে। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। চোরদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি রাতের টহল আরও জোরদারের দাবি জানান তিনি।

এ বিষয়ে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ বলেন, একাধিক ঘটনায় পুলিশ কয়েকজনকে আটক করেছিল। তবে কারও পক্ষ থেকে অভিযোগ না পাওয়ায় মামলা করা সম্ভব হয়নি।

তিনি বলেন, রাতের টহল দলের পাশাপাশি পুলিশ অতিরিক্ত দায়িত্ব পালন করছে। রাত ৮টা থেকে সকাল ৮টা পর্যন্ত পুলিশের টহল দল মাঠে থাকে।

তবে দিনদুপুরে গাড়ি থামিয়ে ছিনতাইয়ের সর্বশেষ ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। ধারাবাহিক চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনায় দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।