Cvoice24.com

উখিয়ায় অপহরণের চার দিন পর কিশোর উদ্ধার, গ্রেপ্তার ১

উখিয়া-টেকনাফ প্রতিনিধি, সিভয়েস২৪
১৩:২৩, ২৯ সেপ্টেম্বর ২০২৬
উখিয়ায় অপহরণের চার দিন পর কিশোর উদ্ধার, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ায় অপহরণের চার দিন পর মো. জসিম (১৫) নামের এক কিশোরকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জামাল হোসেন (৩১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোর ৪টা ১০ মিনিটের দিকে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হাজমপাড়া রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে জসিমকে উদ্ধার করা হয়।

এসআরবি-১৫ সূত্রে জানা গেছে, গত ২৫ সেপ্টেম্বর রাত ৮টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর দক্ষিণ লেঙ্গুরবিল এলাকা থেকে নিখোঁজ হয় জসিম। দুই দিন পর ২৭ সেপ্টেম্বর অজ্ঞাত একটি মুঠোফোন নম্বর থেকে জসিমের বাবার ব্যবহৃত ইমো নম্বরে ফোন করে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণ না দিলে জসিমকে হত্যার হুমকি দেওয়া হয় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় ২৮ সেপ্টেম্বর টেকনাফ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে জসিমকে উদ্ধারে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এসআরবি-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে হাজমপাড়া রাস্তার মাথা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় জসিমকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। একই অভিযানে জামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জামাল হোসেন টেকনাফের হ্নীলা ইউনিয়নের হাতিয়ারঘোনা এলাকার বশির আহমদের ছেলে।

এসআরবি-১৫ আরও জানায়, অভিযানের সময় জামাল হোসেনের কাছ থেকে অপহরণে ব্যবহৃত একটি মুঠোফোন জব্দ করা হয়েছে।

পরে গ্রেপ্তার জামাল হোসেন ও উদ্ধার হওয়া কিশোর জসিমকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

কক্সবাজার সব খবর