Cvoice24.com

দীঘিনালায় দুর্গমে সেনাবাহিনীর চিকিৎসাসেবা

দীঘিনালা প্রতিনিধি, সিভয়েস২৪
১৩:৫৮, ২৯ সেপ্টেম্বর ২০২৬
দীঘিনালায় দুর্গমে সেনাবাহিনীর চিকিৎসাসেবা

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দুর্গম মধ্য বানছড়া এলাকায় স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা সেনা জোন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মধ্য বানছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী এ চিকিৎসাসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

৪ বেঙ্গল দীঘিনালা সেনা জোন  আয়োজিত চিকিৎসা ক্যাম্পে স্থানীয় বাসিন্দাদের চিকিৎসাসেবা দেন দীঘিনালা জোনের মেডিকেল অফিসার আরএমও ক্যাপ্টেন মো. শায়খউদ্দিন ও ক্যাপ্টেন সাকলাইন।

সেনাবাহিনীর মেডিকেল টিমের পক্ষ থেকে নারী, শিশু ও বয়স্কসহ বিভিন্ন বয়সী দুই শতাধিক রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়। এ সময় প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়।

চিকিৎসা ক্যাম্পে জোন থেকে প্রাথমিক চিকিৎসার ওপর প্রশিক্ষণপ্রাপ্ত সুষ্মিতা আক্তার ও শাহিনুর বেগম রোগীদের রক্তচাপ ও জ্বর মাপাসহ বিভিন্ন কাজে চিকিৎসক দলকে সহযোগিতা করেন। তারা রোগীদের সঙ্গে কথা বলে তাদের শারীরিক অবস্থার খোঁজ নেন।

সুষ্মিতা আক্তার বলেন, ‘দীঘিনালা জোনের পক্ষ থেকে প্রাথমিক চিকিৎসার ওপর প্রশিক্ষণ নিয়ে এখন আমি মানুষের সেবায় কাজ করতে পারছি।’

মধ্য বানছড়া এলাকার বাসিন্দা স্নেহ রঞ্জন চাকমা (৬০) বলেন, ‘দুর্গম এলাকার অধিকাংশ মানুষ অসহায় ও দরিদ্র। অভাবের কারণে নিয়মিত চিকিৎসা নেওয়া সম্ভব হয় না। এ এলাকায় চিকিৎসাসেবা পাওয়াও কষ্টসাধ্য। আমাদের দুর্গম এলাকায় সেনাবাহিনীর চিকিৎসক এসে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ দিয়েছেন। এ জন্য সেনাবাহিনীর প্রতি আমরা কৃতজ্ঞ।’