Cvoice24.com

রোহিঙ্গা ক্যাম্পে সৎ বাবা হাতে শিশু খুন, তদন্তে পুলিশ

উখিয়া-টেকনাফ প্রতিনিধি, সিভয়েস২৪
১৩:৩৯, ২৯ সেপ্টেম্বর ২০২৬
রোহিঙ্গা ক্যাম্পে সৎ বাবা হাতে শিশু খুন, তদন্তে পুলিশ

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-২ ইস্টে পারিবারিক বিরোধের জেরে সৎ বাবার ধারালো অস্ত্রের আঘাতে মো. ওমর (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। 

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প-২ ইস্টের সি-৬ ব্লকে এ ঘটনা ঘটে। 

নিহত ওমর ওই ব্লকের বাসিন্দা। তার মায়ের নাম শাবনূর। অভিযুক্ত সৎ বাবার নাম ফেরদৌস।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার রাতে ফেরদৌস ও তার স্ত্রী শাবনূরের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে শিশুটিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ ওঠে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয় বাসিন্দারা ওমরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।

ঘটনার পর ক্যাম্পের বালুর মাঠে রক্তের দাগ দেখা যায়। শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজনদের মধ্যে শোকের মাতম শুরু হয়। সন্তানকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন তার মা শাবনূর।

এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান বলেন, শিশুটিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যার অভিযোগের বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

কক্সবাজার সব খবর