Cvoice24.com

ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে ভাসছিলো ১৩ জেলেসহ বোট, উদ্ধার করলো কোস্ট গার্ড

উখিয়া-টেকনাফ প্রতিনিধি, সিভয়েস২৪
১৫:৫৪, ২৯ সেপ্টেম্বর ২০২৬
ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে ভাসছিলো ১৩ জেলেসহ বোট, উদ্ধার করলো কোস্ট গার্ড

কক্সবাজারের টেকনাফে সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১৩ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ‘এফভি রিফাত’ নামের ফিশিং বোটটি ১৩ জেলেকে নিয়ে টেকনাফ থেকে মাছ ধরতে সমুদ্রে যায়। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে মাছ আহরণ শেষে ফেরার পথে সেন্টমার্টিনের দক্ষিণে গভীর সমুদ্রে বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে বোটটি সাগরে ভাসতে থাকে।

এ সময় বোটে থাকা এক জেলে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সহায়তা চান। খবর পেয়ে গভীর সমুদ্রে টহলরত কোস্ট গার্ডের জাহাজ ‘বিসিজিএস সৈয়দ নজরুল’ উদ্ধার অভিযানে যায়।

পরে সেন্টমার্টিন থেকে প্রায় ১২ নটিক্যাল মাইল দক্ষিণে বিকল বোটটির অবস্থান শনাক্ত করে ১৩ জেলেকে জীবিত উদ্ধার করা হয়।

উদ্ধারের পর জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার দেওয়া হয়। পরে বোটসহ তাদের মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, সমুদ্রে বিপদে পড়া জেলেদের উদ্ধারে কোস্ট গার্ডের জরুরি উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে।