ফ্লাইওভারে ঘুড়ি আনতে গিয়ে অটোরিকশার ধাক্কায় কিশোর নিহত
সিভয়েস২৪ প্রতিবেদক
চট্টগ্রাম মহানগরের আগ্রাবাদে ফ্লাইওভারের ওপর কাটা ঘুড়ি আনতে গিয়ে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় ১৩ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চমেক হাসপাতাল সূত্রে জানা যায়, মহানগরের ডবলমুরিং থানার আগ্রাবাদের বারেক বিল্ডিং এলাকার ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে। কাটা ঘুড়ি আনতে গিয়ে কিশোরটি সিএনজিচালিত অটোরিকশার সামনে পড়ে যায়। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হয়।
চমেক পুলিশ ফাঁড়ির নুরুল আলম আশেক ঘটনার তথ্য নিশ্চিত করে বলেন, শুক্রবার সন্ধ্যায় ফ্লাইওভারের ওপর কাটা ঘুড়ি আনতে গিয়ে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় এক কিশোর গুরুতর আহত হয়। হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর













