ট্রাকের ধাক্কায় ভাঙল বিদ্যুতের খুঁটি, ভোগান্তিতে ৭৮ হাজার গ্রাহক
চন্দনাইশ প্রতিনিধি, সিভয়েস২৪
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশের বাগিচাহাট বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় ৩৩ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনের খুঁটি ভেঙে গেছে। এতে চন্দনাইশ উপকেন্দ্রের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে উপজেলার প্রায় ৭৮ হাজার গ্রাহক বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন।
শুক্রবার (৯ অক্টোবর) ভোররাত সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর চন্দনাইশ জোনাল অফিস সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ৩৩ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনে ত্রুটি দেখা দিলে লাইনটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। পরে পরীক্ষা করে দেখা যায়, মহাসড়কের পাশে থাকা প্রায় ৪০ ফুট উচ্চতার একটি এসপিসি পোল ট্রাকের ধাক্কায় গোড়া থেকে ভেঙে গেছে। খুঁটিটি ট্রাকের সঙ্গে আটকে থাকায় সঞ্চালন লাইনটি বন্ধ রয়েছে।
দুর্ঘটনা ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর চন্দনাইশ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) খন্দকার মুহাম্মদ আযম।
তিনি জানান, ভাঙা খুঁটি দ্রুত পরিবর্তনের জন্য ঠিকাদারকে নির্দেশনা দেওয়া হয়েছে। পটিয়া থেকে নতুন খুঁটি এনে প্রতিস্থাপনের কাজ চলছে। কাজ শেষ হলেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।
তিনি আরও জানান, মেরামতকাজ শেষ করতে আনুমানিক বিকেল পর্যন্ত সময় লাগতে পারে। তবে এর আগেই কাজ সম্পন্ন করা সম্ভব হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর













