Cvoice24.com

চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের যাত্রা শুরু

সিভয়েস২৪ প্রতিবেদক
১৭:০৮, ৯ অক্টোবর ২০২৬
চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের যাত্রা শুরু

চট্টগ্রামের বিমানবন্দর সড়কে (ভিআইপি রোড) উদ্বোধন করা হয়েছে প্রায় তিন কিলোমিটার দীর্ঘ সাইকেল ট্র্যাক। শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে বিমানবন্দর সড়কের উন্নয়নকাজের পাশাপাশি ট্র্যাকটির উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উদ্যোগে নির্মিত এই সাইকেল ট্র্যাককে নগরীতে পরিবেশবান্ধব যাতায়াত ও শরীরচর্চার সুযোগ সম্প্রসারণের উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, সাইকেল চালানো শুধু যাতায়াতের মাধ্যম নয়, সুস্থ থাকারও একটি কার্যকর উপায়। বিশ্বের অনেক দেশে মানুষ সাইকেলে কর্মস্থলে যাতায়াত করেন। সাইক্লিং পরিবেশের সুরক্ষা ও শারীরিক সুস্থতা বজায় রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি বলেন, সাইকেল চালানোর জন্য নিরাপদ ও নির্দিষ্ট জায়গা তৈরি করা নাগরিকদের প্রতি সরকারের দায়িত্বের অংশ। বিমানবন্দর সড়কের এই সাইকেল ট্র্যাক কেবল শুরু। নগরীর বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে আরও সাইকেল ট্র্যাক ও ওয়াকওয়ে নির্মাণ করা প্রয়োজন, যাতে মানুষ শরীরচর্চা, বিনোদন ও দৈনন্দিন চলাচলে এসব সুবিধা ব্যবহার করতে পারেন।

মন্ত্রী আরও বলেন, হাঁটার জায়গা, সাইকেল পথ ও উন্মুক্ত পরিসর তৈরি করা কোনো বিলাসিতা নয়; এগুলো মানুষের দৈনন্দিন জীবনের মৌলিক চাহিদার অংশ। নগরীর খালের দুই পাড়সহ উপযুক্ত স্থানগুলোতে হাঁটার পথ নির্মাণের উদ্যোগ নেওয়ার পাশাপাশি এ ধরনের নাগরিক সুবিধা সম্প্রসারণে সংশ্লিষ্ট সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, বাংলাদেশের প্রথম সাইকেল ট্র্যাক নির্মাণ চট্টগ্রাম নগরীর জন্য গর্বের অর্জন। ট্র্যাকের পাশাপাশি হাঁটার পথ নির্মাণ এবং সড়কের দুই পাশে সৌন্দর্যবর্ধনের জন্য বিভিন্ন প্রজাতির ফুলগাছ লাগানো হয়েছে।

মেয়র বলেন, অর্থ ও পরিকল্পনামন্ত্রীর পরামর্শ ও উৎসাহ এ উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। মন্ত্রীর সংসদীয় এলাকা থেকে কার্যক্রম শুরু করতে পেরে তিনি আনন্দিত।

তিনি জানান, খালকেন্দ্রিক উন্নয়নেও সাইকেল ট্র্যাক ও ওয়াকওয়ে নির্মাণের সম্ভাবনা রয়েছে। খালের দুই পাড়ে পর্যাপ্ত জায়গা পাওয়া গেলে সেখানে হাঁটার পথ, সাইকেল চালানোর সুবিধা ও সবুজায়নের ব্যবস্থা করা সম্ভব হবে।

নির্মিত অবকাঠামো রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্ব দিয়ে মেয়র বলেন, সাইকেল ট্র্যাক ও ওয়াকওয়ে যেন অবৈধ দখল বা স্থাপনার কারণে ব্যবহারের অনুপযোগী হয়ে না পড়ে, সে জন্য চসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত তদারকি করতে হবে। এ ছাড়া বিমানবন্দর সড়ক থেকে দেওয়ানহাট পর্যন্ত সড়কের স্থায়িত্ব বাড়াতে আরসিসি সড়ক নির্মাণের পরিকল্পনার কথাও জানান তিনি।

চসিকের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান এবং চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান আলহাজ্ব ইদ্রিস মিয়া, ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মোহাম্মদ জানে আলম, চসিকের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, সাইক্লিস্ট ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর