Cvoice24.com

দীঘিনালায় জাল নোট প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা

দীঘিনালা প্রতিনিধি, সিভয়েস২৪
১৫:৫৬, ৩০ সেপ্টেম্বর ২০২৬
দীঘিনালায় জাল নোট প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা

খাগড়াছড়ির দীঘিনালায় জাল নোটের প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম সম্মেলন কক্ষে বাংলাদেশ সোনালী ব্যাংক পিএলসি দীঘিনালা উপজেলা শাখার উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

রাঙামাটি সোনালী ব্যাংক পিএলসির ডেপুটি জেনারেল ম্যানেজার (প্রিন্সিপাল) মোহাম্মদ সাইফুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী।

কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সোনালী ব্যাংক চট্টগ্রামের সহকারী পরিচালক রাকেশ দত্ত, সহকারী (ক্যাশ) পরিচালক মো. আরমান উল্লাহ চৌধুরী এবং দীঘিনালা শাখার ব্যবস্থাপক রূপায়ন চাকমা।

কর্মশালায় বক্তারা বলেন, জাল নোট শনাক্ত করার আগে আসল নোট সম্পর্কে ভালোভাবে জানতে হবে। আসল নোটের নিরাপত্তা বৈশিষ্ট্যগুলো জানা থাকলে জাল নোট চেনা সহজ হবে।

তারা আরও বলেন, জাল নোট সংরক্ষণ ও জাল নোটের মাধ্যমে লেনদেন করা দণ্ডনীয় অপরাধ। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার পাশাপাশি সন্দেহজনক নোট পেলে তা যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

কর্মশালায় নগদ লেনদেনের বিকল্প হিসেবে কিউআর কোড ও বিভিন্ন অ্যাপের মাধ্যমে ক্যাশলেস লেনদেনের বিষয়েও আলোচনা করা হয়। 

বক্তারা বলেন, বেতন, বোনাস, ভাতা, ব্যবসায়িক লেনদেনসহ দৈনন্দিন বিভিন্ন লেনদেনে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করলে লেনদেন আরও নিরাপদ ও সহজ হতে পারে।