Cvoice24.com

খুলশীতে কিশোরকে ছুরিকাঘাতে খুন, আটক ১

সিভয়েস২৪ প্রতিবেদক
১০:৪০, ৩০ সেপ্টেম্বর ২০২৬
খুলশীতে কিশোরকে ছুরিকাঘাতে খুন, আটক ১

চট্টগ্রাম মহানগরের খুলশীতে হৃদয় (১৬) নামে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় কামরুল নামে এক যুবককে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে নগরের ওয়্যারলেস কলোনির ৪ নম্বর সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হৃদয় ওই এলাকার বাসিন্দা। পরিবারের সদস্যরা জানান, হৃদয় তার দৃষ্টি প্রতিবন্ধী বাবার সঙ্গে সড়কের পাশে ফুটপাতে সবজি বিক্রি করত। তাদের বসবাসও ওই এলাকাতেই।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম জানান, রাতে বাসায় ভাত খাওয়ার সময় পরিচিত এক যুবক হৃদয়কে ডেকে নিয়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা হৃদয়কে ছুরিকাঘাত করার খবর পান।

পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি জানান, ঘটনার পর অভিযান চালিয়ে কামরুলকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের পেছনে কী কারণ ছিল এবং ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।