অনলাইন জুয়ায় হেরে স্ত্রীকে হত্যা!
সিভয়েস২৪ প্রতিবেদক
নগরের বন্দর এলাকায় অনলাইন জুয়ায় টাকা হেরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করেছে এসআরবি। হত্যাকাণ্ডের মাত্র দুই ঘণ্টার মধ্যে অভিযুক্ত মো. জাবেদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যায় ব্যবহৃত রক্তমাখা ছুরিও উদ্ধার করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে গণমাধ্যমকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান এসআরবি-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ (বুধবার) সকাল ১০টার দিকে বন্দর এলাকায় অনলাইন জুয়ায় আসক্ত হয়ে টাকা হারানোকে কেন্দ্র করে স্ত্রী সানজু বিবির (৩৫) সঙ্গে জাবেদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জাবেদ তার স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরি দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন।
ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন জড়ো হলে জাবেদ ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে পরিবারের সদস্যরা সানজু বিবিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসআরবি কর্মকর্তা মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে হত্যাকাণ্ডে অভিযুক্ত জাবেদের অবস্থান বন্দর পুরাতন মার্কেট এলাকায় শনাক্ত করা হয়। এর পরিপ্রেক্ষিতে বেলা ১১টা ৫০ মিনিটে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে জাবেদের দেওয়া তথ্যের ভিত্তিতে তার বসতঘরের সামনে কাঁঠালগাছের নিচ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরিটি উদ্ধার করা হয়। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।'
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর












