Cvoice24.com

‘বিশ্বায়নের সঙ্গে তাল মেলাতে দক্ষতাভিত্তিক শিক্ষার বিকল্প নেই’

সিভয়েস২৪ ডেস্ক
১৯:১৬, ১০ অক্টোবর ২০২৬
‘বিশ্বায়নের সঙ্গে তাল মেলাতে দক্ষতাভিত্তিক শিক্ষার বিকল্প নেই’

বিশ্বায়ন ও প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে দক্ষতাভিত্তিক শিক্ষার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য ও পরিবেশবিদ প্রফেসর ড. মো. মনজুরুল কিবরীয়া।

শনিবার (১০ অক্টোবর) চট্টগ্রাম মহানগরের মুরাদপুরে ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজির (এনআইটি) ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের নবীনবরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রফেসর ড. মো. মনজুরুল কিবরীয়া বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, উৎপাদনশীলতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে দক্ষ জনশক্তির গুরুত্ব ক্রমেই বাড়ছে। ডিপ্লোমা শিক্ষার প্রসারে ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

তিনি শিক্ষার্থীদের দায়িত্ববোধ, নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা ও অধ্যবসায়ের ওপর গুরুত্বারোপ করেন। তার মতে, দেশের অগ্রগতি ও উন্নয়নে কারিগরি শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক প্রফেসর ড. এ কে এম মাঈনুল হক মিয়াজী, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) উপ-প্রধান নগর পরিকল্পনাবিদ ও বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) চট্টগ্রাম চ্যাপ্টারের সভাপতি মো. আবু ঈসা আনছারী এবং এসডিজি ইয়ুথ ফোরামের সভাপতি নোমান উল্লাহ বাহার।

বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর ড. এ কে এম মাঈনুল হক মিয়াজী বলেন, শিল্পক্ষেত্রের বিকাশ ও বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে প্রযুক্তিনির্ভর ও দক্ষতাভিত্তিক শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের যুগোপযোগী কারিগরি দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করে তিনি এ ধরনের উদ্যোগ গ্রহণের জন্য এনআইটির চেয়ারম্যান আহসান হাবিবকে ধন্যবাদ জানান।

মো. আবু ঈসা আনছারী বলেন, বাংলাদেশের শিক্ষার্থীরা মেধাবী ও কর্মঠ। হাতে-কলমে শিক্ষা শিক্ষার্থীদের সাহস ও আত্মবিশ্বাস বাড়ায়। আত্মবিশ্বাসী ও দক্ষ তরুণ সমাজই দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখতে পারে।

সভাপতির বক্তব্যে এনআইটির চেয়ারম্যান আহসান হাবিব বলেন, শিক্ষার্থীদের মানসম্মত কারিগরি শিক্ষা, আধুনিক ল্যাবভিত্তিক ব্যবহারিক প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে যোগ্য এবং কর্মমুখী জনশক্তি হিসেবে গড়ে তুলতে প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ। শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতার বিকাশে বৃত্তি প্রদান কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়। পাশাপাশি চলমান শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে বৃত্তি প্রদান করা হয়। নবীন শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্যের পর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। 
 

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর