বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হসপিটালে র্যালি
চন্দনাইশ প্রতিনিধি, সিভয়েস২৪
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২৬ উপলক্ষে চট্টগ্রামের বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে র্যালি, আলোচনা সভা ও কন্টিনিউয়িং মেডিকেল এডুকেশন (সিএমই) সেশন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টার দিকে হাসপাতাল চত্বর থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়।
র্যালিটি ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এতে কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, চিকিৎসক, নার্স, ইন্টার্ন চিকিৎসক, মেডিকেল শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, শারীরিক স্বাস্থ্যের মতো মানসিক স্বাস্থ্যও সমান গুরুত্বপূর্ণ। মানসিক রোগ কোনো কুসংস্কার বা লজ্জার বিষয় নয়। সঠিক সময়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণের মাধ্যমে অনেক মানসিক রোগ নিয়ন্ত্রণ ও নিরাময় করা সম্ভব। এ বিষয়ে জনসচেতনতা বাড়ানোর ওপরও তাঁরা গুরুত্ব দেন।
এদিকে, একই দিন দুপুর সাড়ে ১২টায় মেডিকেল এডুকেশন ইউনিটের (এমইইউ) উদ্যোগে এবং সাইকিয়াট্রি বিভাগের আয়োজনে কলেজের লেকচার হলে সিএমই সেশন অনুষ্ঠিত হয়।
সেশনে সভাপতিত্ব করেন বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ও এমইইউর চেয়ারম্যান অধ্যাপক ডা. অরূপ দত্ত। বিশেষ অতিথি ছিলেন হাসপাতালের পরিচালক ও মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ডা. মোহা. শেখ শহিদ উল্লাহ।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর















