Cvoice24.com

সুয়াবিলে পরিত্যক্ত বাড়ির পাশে মিলল দুটি বন্দুক

ফটিকছড়ি প্রতিনিধি, সিভয়েস২৪
১৬:৩৬, ১০ অক্টোবর ২০২৬
সুয়াবিলে পরিত্যক্ত বাড়ির পাশে মিলল দুটি বন্দুক

চট্টগ্রামের ফটিকছড়িতে পরিত্যক্ত অবস্থায় দেশীয় প্রযুক্তিতে তৈরি দুটি একনলা বন্দুক উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১০ অক্টোবর) উপজেলার ১১ নম্বর সুয়াবিল ইউনিয়নের শোভনছড়ি গ্রামের বনাঞ্চলের পাহাড়ি এলাকা থেকে অস্ত্র দুটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভুজপুর থানার অধীন উদালিয়া তদন্ত কেন্দ্রের এসআই জ্যোতিষ চন্দ্র দেব শোভনছড়ি গ্রামের বনাঞ্চলসংলগ্ন পাহাড়ি এলাকায় অভিযান চালান। এ সময় একটি পরিত্যক্ত বাড়ির পাশে খড়ের গাদায় ফেলে রাখা অবস্থায় মালিকানাবিহীন দুটি একনলা বন্দুক পাওয়া যায়।

পরে সাক্ষীদের উপস্থিতিতে বন্দুক দুটি জব্দ করে নিজেদের হেফাজতে নেয় পুলিশ।

ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দেশীয় প্রযুক্তিতে তৈরি দুটি একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে। অস্ত্রগুলোর মালিকানা শনাক্ত ও এ ঘটনায় জড়িত ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও চলছে বলে জানান তিনি।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর