দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন, মহাসড়ক অবরোধ
চন্দনাইশ প্রতিনিধি
চট্টগ্রামের চন্দনাইশের বৃহত্তর দোহাজারীকে পূর্ণাঙ্গ উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন ও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার বিকেলে এ কর্মসূচিতে শত শত মানুষ অংশ নেন। অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
শনিবার (১০ অক্টোবর) বিকেলে ‘বৃহত্তর দোহাজারীর সর্বস্তরের জনসাধারণের’ ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, পেশাজীবী, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, ভৌগোলিক অবস্থান, জনসংখ্যা ও বাণিজ্যিক গুরুত্ব বিবেচনায় দোহাজারী অনেক আগেই উপজেলা হওয়ার যোগ্যতা অর্জন করেছে। কিন্তু প্রশাসনিক জটিলতা ও দীর্ঘদিনের অবহেলায় অঞ্চলটি উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে। অবিলম্বে দোহাজারীকে উপজেলা ঘোষণা করা না হলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ও দোহাজারী-কক্সবাজার রেলপথ সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন তাঁরা।
মানববন্ধন থেকে ধারাবাহিক আন্দোলন কর্মসূচিও ঘোষণা করা হয়। এর মধ্যে রয়েছে মশাল মিছিল, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি, কালো পতাকা মিছিল, সড়ক ও রেলপথ অবরোধ এবং আমরণ অনশন।
আয়োজকেরা জানান, জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) অনুমোদিত ‘দোহাজারী সাঙ্গু উপজেলা’ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাঁরা রাজপথ ছাড়বেন না।
আয়োজকদের ভাষ্য অনুযায়ী, ২০১৮ সালে জেলা প্রশাসকের গণশুনানি ও তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ‘দোহাজারী সাঙ্গু’ নামে নতুন থানা গঠনের সিদ্ধান্ত নেওয়া হলেও তা এখনো বাস্তবায়িত হয়নি।
সম্প্রতি, গত ১০ সেপ্টেম্বর স্থানীয় সরকার বিভাগের এক চিঠিতে দোহাজারী পৌরসভা ও ধোপাছড়ি ইউনিয়নকে বাদ দিয়ে সাতকানিয়ার ছয়টি ইউনিয়ন নিয়ে উপজেলা গঠনের প্রস্তাবে বিভাগীয় কমিশনারের মতামত চাওয়া হয়। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দোহাজারীর বাসিন্দারা। তাঁদের অভিযোগ, প্রস্তাবটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের পূর্বসম্মতি ও নীতিগত সিদ্ধান্তের পরিপন্থী এবং বৈষম্যমূলক।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর















