কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, তার চেহারা কি দেখা গেছে?
কক্সবাজার প্রতিনিধি
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘কিসের হাসিনা? কোথায় বক্তব্য দিয়েছে? তার চেহারা কি দেখা গেছে? মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়। তারা চেষ্টা করছে, বাংলাদেশে কোনো অস্থিরতা সৃষ্টি করা যায় কি না। কিন্তু বাংলাদেশের মানুষ কখনোই তাদের এসব রাজনীতি গ্রহণ করবে না।’
শুক্রবার (৭ আগস্ট) দুপুরে কক্সবাজার মেডিকেল কলেজ ও হাসপাতালের ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ী, তাদের কোনো অনুশোচনা নেই। তারা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমাও চায়নি। তাই এ দেশে তাদের কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ নেই। বাংলাদেশের জনগণ তাদের রাজনীতি করার অনুমতি কোনো দিনই দেবে না।’
তিনি আরও বলেন, ‘তারা বিদেশ থেকে মাঝেমধ্যে উঁকিঝুঁকি দিতে পারে, চিৎকার-চেঁচামেচি করতে পারে। কিন্তু আমরা এসবকে আর গুরুত্ব দিচ্ছি না। দেশের মানুষও তাদের কর্মকাণ্ডে সাড়া দেবে না।’
দেশের বিভিন্ন এলাকায় অপহরণের ঘটনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, অপহরণসহ বিভিন্ন অপরাধ দমনে সেনাবাহিনীর সহযোগিতা আরও বাড়ানো হবে।
তিনি বলেন, ‘যেসব এলাকায় অপহরণের ঝুঁকি বেশি, সেখানে প্রয়োজন অনুযায়ী সেনাবাহিনীর ক্যাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। সংশ্লিষ্ট জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) পরিস্থিতি মূল্যায়ন করবেন। সরকারের পক্ষ থেকেও প্রয়োজনীয় এলাকায় সেনাবাহিনীর ক্যাম্প স্থাপনের অনুরোধ জানানো হবে।’
মন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন ঘটানো। সেনাবাহিনীর উপস্থিতি বাড়ানো গেলে অপহরণের মতো অপরাধ কার্যকরভাবে দমন করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) কার্যালয় পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন।
পরে কলাতলী এলাকায় কউকের ফ্ল্যাট উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং কক্সবাজার মেডিকেল কলেজ ও হাসপাতালের ৫০০ শয্যাবিশিষ্ট নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, আলমগীর মুহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদ, শামীম আরা স্বপ্ন, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিন, জেলা প্রশাসক আব্দুল মান্নান, পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমানসহ জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কক্সবাজার সব খবর















