নিষিদ্ধ আ.লীগ নেতা নওফেলের বাসভবনে আবারও অগ্নিসংযোগ
সিভয়েস২৪ প্রতিবেদক
চট্টগ্রাম মহানগরের পাঁচলাইশ থানার চশমা হিল এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসভবনে আবারও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ৬ থেকে ৭ জনের একটি দল বাসভবনের ভেতরে পেট্রোলবোমাসদৃশ বস্তু নিক্ষেপ করলে আগুনের সূত্রপাত হয়। আগুন দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
মহিবুল হাসান চৌধুরী নওফেল চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর ছেলে। তিনি আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুই বছরে চশমা হিলের এই বাসভবনে এটি নিয়ে চার দফা হামলার ঘটনা ঘটল। ২০২৪ সালের ৩ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় প্রথম দফায় হামলা হয়। একই বছরের ৫ আগস্ট দ্বিতীয় দফায় ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এরপর ২০২৫ সালের ডিসেম্বরে তৃতীয় দফায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সর্বশেষ এ ঘটনায় বাড়িটিতে আবারও আগুন দেওয়া হলো। বর্তমানে বাসভবনটি খালি রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, ৬ থেকে ৭ জনের একটি দল বাসার ভেতরে পেট্রোলবোমাসদৃশ বস্তু নিক্ষেপ করে। স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে গত বুধবার (৫ আগস্ট) ভারতের নয়াদিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে অডিও বার্তা দেন দেশটির আশ্রয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই অনুষ্ঠানে মহিবুল হাসান চৌধুরী নওফেলও অংশ নেন। তবে অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে ওই অনুষ্ঠানের কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হয়নি। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর















