Cvoice24.com

লোহাগাড়ায় হেফজখানার শিক্ষার্থীর মৃত্যু ঘিরে রহস্য, তদন্তের দাবি পরিবারের

লোহাগাড়া প্রতিনিধি, সিভয়েস২৪
১৯:১৩, ৭ আগস্ট ২০২৬
লোহাগাড়ায় হেফজখানার শিক্ষার্থীর মৃত্যু ঘিরে রহস্য, তদন্তের দাবি পরিবারের

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় একটি হেফজখানার ১০ বছর বয়সী শিক্ষার্থীর মৃত্যু নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি, খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে। তবে নিহতের পরিবারের অভিযোগ, অব্যবস্থাপনার কারণে এ ঘটনা ঘটেছে এবং মৃত্যুর প্রকৃত কারণ তদন্ত করে বের করা প্রয়োজন।

শুক্রবার (৭ আগস্ট) সকাল ৭টার দিকে লোহাগাড়া সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হোসেন আলী মাতব্বরপাড়ার মাসুমা ফাউন্ডেশন হেফজখানায় এ ঘটনা ঘটে।

নিহত আসহাব হোসেন ফরহাদ (১০) লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের মিয়াজীপাড়া এলাকার ওমর ফারুকের ছেলে।

হেফজখানার পরিচালনা কমিটির সদস্য মাওলানা নোমান বলেন, সকালে মাঠে খেলাধুলার সময় বল আনতে গিয়ে ফরহাদ বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তবে নিহতের বাবা ওমর ফারুক এ ঘটনার বর্ণনা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, “মাদ্রাসা কর্তৃপক্ষের অব্যবস্থাপনার কারণেই আমার ছেলের মৃত্যু হয়েছে। কীভাবে এবং কোন পরিস্থিতিতে সে মারা গেছে, তা নিয়ে আমাদের সন্দেহ রয়েছে। ঘটনার পরও মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো দুঃখ প্রকাশ করা হয়নি।”

লোহাগাড়া থানার উপপরিদর্শক (এসআই) সীমান্ত পোদ্দার বলেন, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রয়োজন। প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

১০ বছর বয়সী এই শিক্ষার্থীর আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনের দাবি জানিয়েছেন স্বজন ও স্থানীয়রা।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর