‘প্রকৌশলীরাই আধুনিক, নিরাপদ ও টেকসই নগর গড়ার কারিগর’
সিভয়েস২৪ প্রতিবেদক
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, প্রকৌশলীরা শুধু সড়ক, সেতু কিংবা ভবন নির্মাণ করেন না; একটি আধুনিক, নিরাপদ ও টেকসই নগর গড়ে তোলার মূল কারিগরও তারা। দক্ষ, সৎ ও যোগ্য প্রকৌশলীদের নেতৃত্বে চট্টগ্রামের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
শুক্রবার (৭ আগস্ট) চট্টগ্রাম সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অ্যালামনাই অ্যাসোসিয়েশন অডিটোরিয়াম প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান, চট্টগ্রাম সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থী ও সাবেক জিএস প্রকৌশলী বেলায়েত হোসেন এবং অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (অ্যাব) সাবেক সভাপতি ও ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) সাবেক ভিপি প্রকৌশলী সেলিম মো. জানে আলমকে সংবর্ধনা দেওয়া হয়।
গুণীজন সংবর্ধনা কমিটির আহ্বায়ক প্রকৌশলী হেলাল উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং সদস্য সচিব প্রকৌশলী জমির উদ্দিন নাহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে মেয়র বলেন, চট্টগ্রাম সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট দেশের প্রকৌশল খাতে অসংখ্য দক্ষ জনশক্তি গড়ে তুলেছে। এই প্রতিষ্ঠানের দুই কৃতী শিক্ষার্থী গুরুত্বপূর্ণ দুটি প্রতিষ্ঠানের নেতৃত্বে আসীন হওয়া শুধু প্রতিষ্ঠানটির জন্য নয়, পুরো চট্টগ্রামের জন্যই গর্বের বিষয়।
তিনি বলেন, অভিজ্ঞতা, সততা ও পেশাগত দক্ষতার মাধ্যমে সংবর্ধিত দুই প্রকৌশলী তাদের নেতৃত্বাধীন প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর, জনবান্ধব ও আধুনিক সেবামুখী প্রতিষ্ঠানে রূপান্তর করতে সক্ষম হবেন।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা, উত্তরীয় ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় তারা নিজেদের কর্মজীবনের অভিজ্ঞতা তুলে ধরেন এবং দেশের উন্নয়ন ও জনকল্যাণে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, প্রকৌশলী, বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং চট্টগ্রাম সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের বিপুলসংখ্যক প্রাক্তন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর














