Cvoice24.com

হেফাজতের আমীরের সঙ্গে বিএনপি নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

সিভয়েস২৪ ডেস্ক
২০:১৭, ৭ আগস্ট ২০২৬
হেফাজতের আমীরের সঙ্গে বিএনপি নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবুর রহমান শামীম হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে ফটিকছড়ি উপজেলার ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগর মাদ্রাসায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 

প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম সফরকে ঘিরে চলমান প্রস্তুতির অংশ হিসেবে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এর আগে, মাহবুবুর রহমান শামীম হাটহাজারীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্ধারিত বিভিন্ন কর্মসূচির স্থান পরিদর্শন করেন। তিনি জেলা পরিষদ ডাকবাংলো, হাটহাজারী সরকারি কলেজ মাঠ এবং সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কর্মসূচির অনুষ্ঠানস্থল ঘুরে দেখেন।

পরে তিনি ফটিকছড়ির পেহেলগাজী দিঘির মাঠে নির্মিত হেলিপ্যাড পরিদর্শন করেন, যেখানে প্রধানমন্ত্রীর অবতরণের কথা রয়েছে।

এরও আগে বৃহস্পতিবার (৬ আগস্ট) চট্টগ্রাম নগরের র‍্যাডিসন ব্লু বে ভিউ হোটেলে আয়োজিতব্য সাংগঠনিক সভার ভেন্যুও পরিদর্শন করেন তিনি।

পরিদর্শন ও সৌজন্য সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মোহাম্মদ জসিম, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহাজাহান, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সারওয়ার উদ্দিন সেলিমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।