Cvoice24.com

মিরসরাইয়ে কৃষকদলের দেড় কিলোমিটার খাল খনন

মিরসরাই প্রতিনিধি, সিভয়েস২৪
১৪:১২, ৮ সেপ্টেম্বর ২০২৬
মিরসরাইয়ে কৃষকদলের দেড় কিলোমিটার খাল খনন

চট্টগ্রামের মিরসরাইয়ে কৃষকদলের উদ্যোগে খাল খনন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার মায়ানী ইউনিয়নের পূর্ব মায়ানী এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মিরসরাই উপজেলা কৃষকদলের সভাপতি মো. আশরাফ উদ্দিনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি উপজেলা কৃষকদলের উপজেলাব্যাপী খাল খনন ও পরিষ্কার কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত হয়। এতে প্রায় দেড় কিলোমিটার খাল খনন ও পরিষ্কার করা হয়।

কর্মসূচিতে অংশ নেওয়া নাজিম উদ্দিন বলেন, ‘দীর্ঘদিন ধরে বিভিন্ন খাল-নালা ভরাট হয়ে যাওয়ায় এবং ময়লা-আবর্জনা জমে পানি চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। এতে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে কৃষিজমি ও স্থানীয় জনজীবনে দুর্ভোগ দেখা দেয়।’

তিনি বলেন, ‘জলাবদ্ধতা নিরসন ও পানি চলাচল স্বাভাবিক রাখতে খালগুলো খনন ও পরিষ্কার করা জরুরি। এর অংশ হিসেবে পূর্ব মায়ানী এলাকায় প্রায় দেড় কিলোমিটার খাল খনন করা হয়েছে।’

উপজেলা কৃষকদলের সভাপতি মো. আশরাফ উদ্দিন বলেন, ‘কৃষক ও সাধারণ মানুষের স্বার্থে মিরসরাইয়ের সংসদ সদস্য নুরুল আমিনের নির্দেশনায় উপজেলার বিভিন্ন এলাকায় খাল খনন ও পরিষ্কার কর্মসূচি অব্যাহত রয়েছে।’

তিনি বলেন, ‘খালগুলো সচল থাকলে পানি নিষ্কাশন সহজ হবে। এতে জলাবদ্ধতা কমার পাশাপাশি কৃষকরাও উপকৃত হবেন।’