হাদি হত্যার বিচারসহ নানা দাবিতে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ
সিভয়েস২৪ প্রতিবেদক
ওসমান হাদি হত্যার বিচার, গণভোটের গণরায় বাস্তবায়ন এবং শাপলা, পিলখানা ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে চট্টগ্রাম মহানগরে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার (৬ নভেম্বর) জুমার নামাজের পর মহানগরের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে চেরাগী পাহাড় মোড় প্রদক্ষিণ করে জামালখান মোড়ে গিয়ে শেষ হয়।
সেখানে আয়োজিত সমাবেশে সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের, সদস্যসচিব ফাতিমা তাসনিম জুমা, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মার, মডেল ও অভিনেতা আসাদুজ্জামান আসাদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে আব্দুল্লাহ আল জাবের বলেন, ‘ওসমান হাদি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে কথা বলতে গিয়ে শহীদ হয়েছেন। তার হত্যার বিচার করা রাষ্ট্রের দায়িত্ব। তিনি ভারতের আটক অবস্থায় থাকা হাদি হত্যার দুই অভিযুক্তকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।’
সমাবেশে ফাতিমা তাসনিম জুমা সাম্প্রতিক সময়ে শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রীদের আন্দোলনে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘ইডেন কলেজের পাশের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ যেভাবে বল প্রয়োগ করেছে, তা ২০০২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুননাহার হলের ঘটনার কথা মনে করিয়ে দেয়।’
ফাতিমা তাসনিমের অভিযোগ, আন্দোলনরত এক ছাত্রীকে চুলের মুঠি ধরে টেনেহিঁচড়ে বের করা হয়েছে এবং পুরুষ পুলিশ সদস্যরা ছাত্রীদের গায়ে হাত দিয়েছেন। এ ধরনের আচরণের পুনরাবৃত্তি গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি।
পুলিশের ভূমিকা নিয়ে সমালোচনা করে তিনি বলেন, ‘শ্রমিক ও শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশ বল প্রয়োগ করছে। পুলিশের এমন আচরণের দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিতে হবে। পুলিশকে এভাবে বল প্রয়োগে উৎসাহিত করা হচ্ছে কেন, সে প্রশ্নের জবাবও দিতে হবে।’
স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে তিনি পুলিশের এমন কর্মকাণ্ডের বিষয়ে জবাবদিহি দাবি করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের ওপর নির্যাতনের অভিযোগের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
সমাবেশে আব্দুল্লাহ আল জাবের আগামী ১৮ ডিসেম্বর রাজধানীর শাহবাগে সংগঠনটির উদ্যোগে ‘শহীদি মহাসমাবেশ’ আয়োজনের ঘোষণা দেন।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর














