সিএনজিকে সাইড দিতে গিয়ে উল্টে গেল বাস
প্রতিনিধি, সিভয়েস২৪
চট্টগ্রামের বাঁশখালীতে একটি সিএনজিচালিত অটোরিকশাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে একটি বাস। এতে পাঁচজন আহত হয়েছেন। বাসটি সড়কের ওপর উল্টে পড়ে থাকায় বন্ধ হয়ে যায় আনোয়ারা-বাঁশখালী-চকরিয়া (এবিসি) সড়কের যান চলাচল। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে দুর্ভোগে পড়েন যাত্রীরা।
শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার চাম্বল এলাকার মডেল মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে শহরমুখী একটি সিএনজিচালিত অটোরিকশাকে সাইড দিতে গিয়ে একটি বাস (চট্ট মেট্রো-ব-১১-০৪৩১) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। এতে বাসে থাকা পাঁচজন আহত হন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার পর বাসটি সড়কের ওপর পড়ে থাকায় এবিসি সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের দুই পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
ঘটনাস্থলে থাকা ট্রাফিক পুলিশের এক সদস্য জানান, একটি সিএনজিচালিত অটোরিকশাকে রক্ষা করতে গিয়ে বাসচালক জোরে ব্রেক করেন বলে তারা জানতে পেরেছেন। এরপর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। পরে দ্রুত বাসটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর














