ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকতে হবে: শামীম
সিভয়েস২৪ ডেস্ক
বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র মানেই তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র—এমন মন্তব্য করে বিএনপির কেন্দ্রীয় বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, সব ষড়যন্ত্র ও চক্রান্ত ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম মহানগরের পুরাতন রেলস্টেশনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশ শেষে পুরাতন রেলস্টেশন থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে মহানগরের লালদীঘিতে গিয়ে শেষ হয়।
শামীম বলেন, গত ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে বিএনপির অনেক নেতাকর্মীকে হারাতে হয়েছে। কেউ শহীদ হয়েছেন, কেউ খুন হয়েছেন, আবার কেউ পঙ্গুত্ব বরণ করেছেন। অনেকে নির্যাতনের শিকার হয়েছেন।
তিনি বলেন, ‘আজকে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। কিন্তু বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র চলছে। বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র মানেই তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র ও চক্রান্ত মোকাবিলা করতে হবে।’
বিএনপির এই নেতা আরও বলেন, ‘আজ আমরা প্রতিবন্ধকতামুক্ত পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি ও সমাবেশ করতে পারছি। এ জন্য এটি আনন্দের দিন। তবে এই অর্জনের পেছনে যারা ত্যাগ স্বীকার করেছেন, তাদের অবদান সবসময় স্মরণ করতে হবে।’
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি গঠন করেছিলেন। তিনি জাতির মুক্তির সনদ হিসেবে ১৯ দফা কর্মসূচি দিয়েছিলেন।
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহর সভাপতিত্বে এবং সদস্য সচিব নাজিমুর রহমানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
এ ছাড়া বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ও ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান, সাবেক সদস্য সচিব আবুল হাশেম বক্কর, বিএনপির কেন্দ্রীয় সদস্য শামসুল আলমসহ দলীয় নেতারা।
রাজনীতি সব খবর















