Cvoice24.com

রাঙ্গুনিয়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

কাপ্তাই-রাঙ্গুনিয়া প্রতিনিধি, সিভয়েস২৪
১৩:৫৯, ৭ আগস্ট ২০২৬
রাঙ্গুনিয়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া উপজেলার কাটাখালী তক্তারপুল এলাকায় বাসের ধাক্কায় মো. রাসেল (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাসেল রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লেমুছড়ি পাড়ার বর্তমান ইউপি সদস্য শেখ মোহাম্মদ নাছেরের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে চট্টগ্রাম শহর থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন রাসেল। কিন্তু পথে রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কাটাখালী এলাকায় লাল-সবুজ পরিবহনের একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনায় রাসেলের ডান পা উরু থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন বলেন, ‘মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।’

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর