জলাবদ্ধতামুক্ত ও পরিকল্পিত চট্টগ্রাম গড়তে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান সিডিএ চেয়ারম্যানের
সিভয়েস২৪ প্রতিবেদক
জলাবদ্ধতামুক্ত, আধুনিক ও পরিকল্পিত চট্টগ্রাম গড়ে তুলতে দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও তথ্যনির্ভর সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন।
বুধবার (৫ আগস্ট) টিভি ক্যামেরা জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (টিসিজেএ), চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত সাংবাদিকতায় মাসব্যাপী ‘বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালার’ সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, চট্টগ্রাম দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ নগরী। এ নগরীকে পরিকল্পিত, আধুনিক ও বাসযোগ্য হিসেবে গড়ে তুলতে সাংবাদিকদের দায়িত্বশীল ও ইতিবাচক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নগর উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, আবাসন সমস্যা সমাধান এবং চলমান উন্নয়ন প্রকল্প সফল করতে সরকারি সংস্থার পাশাপাশি গণমাধ্যমকেও কার্যকর ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থার আধুনিকীকরণ এবং দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা সমাধানে সিডিএ একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। এসব প্রকল্পের সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়া এবং বাস্তব চিত্র তুলে ধরতে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।
সিডিএ চেয়ারম্যান আরও বলেন, সমালোচনা অবশ্যই থাকতে পারে, তবে তা হতে হবে তথ্যনির্ভর, গঠনমূলক ও জনস্বার্থে। উন্নয়ন প্রকল্পের ইতিবাচক দিকের পাশাপাশি সমস্যা ও সীমাবদ্ধতাও বস্তুনিষ্ঠভাবে তুলে ধরলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে। এতে উন্নয়ন কার্যক্রম আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও গতিশীল হবে।
তিনি বলেন, একজন সাংবাদিকের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে নিয়মিত প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে নিজেদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করতে হবে।
টিসিজেএ চট্টগ্রামের সভাপতি এনামুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশরাফুল আলম চৌধুরী মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি।
এ সময় বক্তব্য দেন টিসিজেএর সহ-সভাপতি সনজীব দে বাবু, সহ-সাধারণ সম্পাদক বাসু দেব, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সাবেক সহ-সভাপতি আলী আকবর এবং সদস্য সুমন গোস্বামী।
অনুষ্ঠানে টিসিজেএর দপ্তর সম্পাদক সাইমুন আল মুরাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নাজিম উদ্দিন, নির্বাহী সদস্য রবিউল ইসলাম টিপু, মো. জহিরুল ইসলাম, নাজিম উদ্দিনসহ সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে সাংবাদিকতায় মাসব্যাপী ‘বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালায়’ সফলভাবে অংশগ্রহণকারী টেলিভিশন চিত্র সাংবাদিকদের হাতে সনদ তুলে দেন অতিথিরা।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর














