নিষিদ্ধ সংগঠনের প্রধানের বক্তব্য প্রচার নিয়ে প্রশ্ন তুললেন তথ্য প্রতিমন্ত্রী
সিভয়েস২৪ প্রতিবেদক
নিষিদ্ধ সংগঠনের প্রধান কিংবা আদালতের দৃষ্টিতে অভিযুক্ত ব্যক্তির বক্তব্য গণমাধ্যমে প্রচার করা উচিত কি না, সে বিষয়ে প্রশ্ন তুলেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। শনিবার (৮ আগস্ট) চট্টগ্রামের ঐতিহাসিক কালুরঘাট বেতারকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, “শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে ‘খুব স্পষ্ট’ অবস্থান জানিয়েছে এবং এ বিষয়ে আদালতের নির্দেশনাও রয়েছে।”
তিনি বলেন, ‘শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভেরি ক্লিয়ারলি বক্তব্য দিয়েছে। আমি ওই অবস্থানেই থাকতে চাই।’
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘নিষিদ্ধ সংগঠনের প্রধান বা সন্দেহভাজন ও অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য প্রচারের ক্ষেত্রে গণমাধ্যমেরও দায়িত্বশীল অবস্থান থাকা প্রয়োজন।’
অপরাধীর বক্তব্য প্রচার প্রসঙ্গে তিনি বলেন, ‘একটি নিষিদ্ধ সংগঠনের প্রধান কী বক্তব্য দিতে পারেন কি না, কিংবা একজন সাসপেক্টেড এবং একজন ক্রিমিনালের বক্তব্য প্রচার করা উচিত কি না—সেটাও তো প্রশ্ন হতে পারে।’
সকালে কালুরঘাট বেতারকেন্দ্রে পৌঁছে প্রতিমন্ত্রী কেন্দ্রটির বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় কালুরঘাট বেতারকেন্দ্রের অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এখান থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। অথচ জলাবদ্ধতা হলে এই কেন্দ্র পানিতে ডুবে যায়।’
তিনি বলেন, ‘কেন্দ্রটি সংরক্ষণ ও উন্নয়নে সরকার পদক্ষেপ নেবে এবং এ বিষয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করা হবে।’
ভুয়া তথ্য প্রতিরোধ প্রসঙ্গে ইয়াসের খান চৌধুরী বলেন, ‘অনলাইন মিডিয়া ও কনটেন্ট নির্মাতাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং ফ্যাক্ট-ফাইন্ডিং টুলস উন্নয়নের কাজ চলছে, যাতে জনগণ সঠিক তথ্য ও অপতথ্যের পার্থক্য বুঝতে পারে।’
এছাড়া বিটিভির অনুষ্ঠান নির্মাণ ও সম্প্রচারের মান উন্নয়নে ফরেনসিক অডিট শুরু করার কথাও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘অডিট প্রতিবেদনের ভিত্তিতে বিটিভির ডিজিটালাইজেশন ও অনুষ্ঠান ব্যবস্থাপনায় প্রয়োজনীয় সংস্কার আনা হবে।’
পরিদর্শনের সময় স্থানীয় সংসদ সদস্য এরশাদ উল্লাহ ও বাংলাদেশ বেতারের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর














