কক্সবাজারে প্যারাসেইলিংয়ে পর্যটক মৃত্যুর ঘটনায় প্রধান আসামি ফরিদ গ্রেপ্তার
কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের দরিয়ানগর এলাকায় প্যারাসেইলিং করতে গিয়ে এক পর্যটকের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মো. ফরিদকে (৪৫) গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ৯টার দিকে রাজধানীর মিরপুরের মধ্য পীরেরবাগ আজাদ মিনি মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক।
গ্রেপ্তার ফরিদ কক্সবাজার পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাহারছড়া এলাকার বাসিন্দা আব্দুল হাই’র ছেলে।
র্যাব জানায়, গত ১ আগস্ট দুপুরে কক্সবাজার সদর উপজেলার দরিয়ানগর এলাকায় ফরিদের পরিচালিত প্যারাসেইলিং কার্যক্রমে অংশ নেন অক্ষর সৌভিক রায় (৩১)। উড্ডয়নের সময় নিরাপত্তাজনিত অবহেলার কারণে প্যারাসেইলিংয়ের রশি ছিঁড়ে তিনি সমুদ্রে পড়ে যান। ঘটনাস্থলে পর্যাপ্ত উদ্ধারব্যবস্থা না থাকায় বিলম্বে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বোন বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় মামলা করেন।
র্যাব আরও জানায়, ঘটনার পর আসামিরা আত্মগোপনে চলে গেলে ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করা হয়। একপর্যায়ে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, মামলার এক নম্বর আসামি ফরিদ ঢাকার মিরপুর এলাকায় আত্মগোপনে রয়েছেন। পরে র্যাব-১৫ ও র্যাব-৪-এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফরিদ কক্সবাজার থেকে পালিয়ে ঢাকায় আত্মগোপনে থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র্যাব।
র্যাবের সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, গ্রেপ্তার ফরিদকে উদ্ধার করা আলামতসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
কক্সবাজার সব খবর














