Cvoice24.com

উখিয়ায় গুলি-গাঁজাসহ ২ নারী গ্রেপ্তার

উখিয়া-টেকনাফ প্রতিনিধি, সিভয়েস২৪
১২:৩২, ৮ আগস্ট ২০২৬
উখিয়ায় গুলি-গাঁজাসহ ২ নারী গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়ায় গুলিসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে আটটি গুলির পাশাপাশি ৫ কেজি গাঁজাও উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) দুপুর ২টার দিকে কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ব্লক-বি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন— সমছিদা (১৭) ও লায়লা খাতুন (৪৭)। তারা কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ব্লক-বি এলাকার বাসিন্দা।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (শুক্রবার) দুপুরে কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ব্লক-বি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি বসতঘরের সামনে অবস্থান করা দুই নারীকে আটক করা হয়। পরে মহিলা র‍্যাব সদস্যদের সহায়তায় তাদের তল্লাশি করা হয়। সমছিদার কাছে বিশেষ কৌশলে লুকানো একটি ছোট সাদা কৌটার ভেতর থেকে আটটি গুলি উদ্ধার করা হয়। আর লায়লা খাতুনের দেখানো মতে তার বসতঘরের সামনের কক্ষের আলনার পেছনে একটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে পাঁচটি নীল পলিথিনের ব্যাগে রাখা ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় একটি মুঠোফোনও জব্দ করা হয়েছে।

র‍্যাবের দাবি, গ্রেপ্তার দুজনই মাদক কারবারের সঙ্গে জড়িত। উদ্ধার করা গুলি, গাঁজা ও অন্যান্য আলামতসহ গ্রেপ্তার দুজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।