ফটিকছড়ি-হাটহাজারীতে আসছেন প্রধানমন্ত্রী, ব্যাপক প্রস্তুতি
ফটিকছড়ি ও হাটহাজারী প্রতিনিধি
রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের ফটিকছড়ি ও হাটহাজারীতে সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সফরকে ঘিরে দুই উপজেলায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। নিরাপত্তা জোরদারের পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়ক, সফরস্থল ও আশপাশের এলাকায় চলছে সাজসজ্জা ও পরিচ্ছন্নতার কাজ। দলীয় নেতা-কর্মীদের মধ্যেও দেখা দিয়েছে উৎসাহ-উদ্দীপনা।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী প্রথমে ফটিকছড়িতে আসবেন। সেখানে আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদরাসায় প্রবীণ আলেমে দ্বীন ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে তাঁর সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে। এ সময় দেশের বিভিন্ন এলাকার ৬৪ জন শীর্ষ আলেম উপস্থিত থাকবেন। তাঁদের সঙ্গে প্রধানমন্ত্রীর বিশেষ মতবিনিময় সভা হওয়ার কথা রয়েছে।
ফটিকছড়ির পাইন্দং পেলাগাজী দিঘী হেলিপ্যাড থেকে সড়কপথে প্রধানমন্ত্রী হাটহাজারীতে যাবেন। এ কারণে হেলিপ্যাড থেকে বাবুনগর মাদরাসা এবং সেখান থেকে হাটহাজারী পর্যন্ত সড়ক ও আশপাশের এলাকায় বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। সড়কের অবৈধ স্থাপনা সরানো ও যান চলাচল স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের পক্ষ থেকেও কাজ চলছে।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে বাবুনগর মাদরাসায় তৈরি করা হচ্ছে বিশেষ প্যান্ডেল। সংস্কার ও পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে কয়েকটি বসার কক্ষ। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ইতিমধ্যে একাধিকবার সফরস্থল পরিদর্শন করেছেন।
মাদরাসা কর্তৃপক্ষের পক্ষে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর দৌহিত্র মাওলানা রহমত উল্লাহ বলেন, ‘প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে মাদরাসার প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সফরের দিন দেশের ৬৪ জন শীর্ষ আলেম উপস্থিত থাকবেন। তাঁদের সঙ্গে প্রধানমন্ত্রীর বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।’
চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর বলেন, ‘প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ফটিকছড়িতে আন্তরিক ও বর্ণাঢ্য অভ্যর্থনার আয়োজন করা হচ্ছে। তাঁর কাছে এলাকার সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ও উন্নয়নের দাবিগুলো তুলে ধরা হবে।’
তিনি জানান, ফটিকছড়িতে একটি সরকারি মহিলা কলেজ প্রতিষ্ঠা ও কয়েকটি কলেজ সরকারীকরণ, স্থানীয় গ্যাসসম্পদের সুষম বণ্টন, ১৮টি চা-বাগান ও চারটি রাবার বাগানে শিল্পভিত্তিক গ্যাস সংযোগ এবং বিস্তীর্ণ খাসজমিতে নতুন শিল্পাঞ্চল গড়ে তোলার প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে।
ফটিকছড়ি থেকে সড়কপথে হাটহাজারীতে গিয়ে প্রধানমন্ত্রী হাটহাজারী বড় মাদ্রাসায় যাবেন। সফরসূচি অনুযায়ী, বেলা সোয়া তিনটার দিকে সেখানে পৌঁছে হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির আল্লামা শাহ আহমদ শফী ও মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগারীর কবর জিয়ারত করবেন তিনি।
এরপর মাদ্রাসা-সংলগ্ন চট্টগ্রাম জেলা পরিষদের ডাকবাংলোয় পৌনে চারটার দিকে বিশ্রাম নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এ জন্য ডাকবাংলো ও আশপাশের এলাকায় ধোয়ামোছা, রং ও পরিচ্ছন্নতার কাজ করা হয়েছে। ডাকবাংলোয় যাতায়াতের সড়কও সংস্কার করা হয়েছে। প্রধান প্রবেশপথের তোরণ সাজানো হয়েছে নতুনভাবে।
বিকেল পাঁচটায় হাটহাজারী মডেল সরকারি পার্বতী উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। একই অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে উপহারসামগ্রী বিতরণ করার কথা রয়েছে।

জনসভা উপলক্ষে বিদ্যালয় মাঠে উত্তরমুখী ১৬ ফুট প্রস্থ ও ৪০ ফুট দৈর্ঘ্যের মঞ্চ তৈরির কাজ চলছে। সভাস্থলের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে হাটহাজারী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মধ্যে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর বিশ্রামের স্থান, ডাকবাংলো, সড়ক ব্যবস্থাপনা, যানজট নিরসন, মাদ্রাসা ও সভাস্থলের ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা, আপ্যায়ন এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পৃথক কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে।
স্বাস্থ্য ও জরুরি চিকিৎসাসেবার জন্য মেডিকেল টিম প্রস্তুত রাখা হচ্ছে। বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করতেও কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে।
সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ইতিমধ্যে মাঠপর্যায়ে কাজ শুরু করেছেন। প্রধানমন্ত্রীর যাতায়াতের সড়কে নিরাপত্তা নিশ্চিত করা এবং যানজট নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
সফরের প্রস্তুতি পরিদর্শনে এসে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুল ইসলাম মিঞা বলেন, ‘প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে প্রয়োজনীয় প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, সফরের কর্মসূচি সফলভাবে সম্পন্ন হবে।’
প্রধানমন্ত্রীর সফর ঘিরে ফটিকছড়ি থেকে হাটহাজারী পর্যন্ত এখন উৎসবমুখর পরিবেশ। দলীয় নেতা-কর্মীদের মধ্যে দেখা দিয়েছে উৎসাহ-উদ্দীপনা। জনসভা সফল করতে হাটহাজারী সংসদীয় আসনের বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের দুটি ওয়ার্ডে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে প্রস্তুতিমূলক সভা করা হচ্ছে। সব মিলিয়ে তার সফরের প্রস্তুতি এখন শেষ পর্যায়ে।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর














