Cvoice24.com

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস, হতে পারে ভারী বর্ষণ

নিউজ ডেস্ক, সিভয়েস২৪
১৯:৪৪, ৭ আগস্ট ২০২৬
টানা পাঁচ দিন বৃষ্টির আভাস, হতে পারে ভারী বর্ষণ

চট্টগ্রাম বিভাগে আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। এ সময় বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। একই সঙ্গে দেশের অন্যান্য বিভাগেও বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (৭ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত প্রসারিত। বর্তমানে বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিন দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

শনিবার (৮ আগস্ট) থেকে মঙ্গলবার (১১ আগস্ট) পর্যন্ত চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় প্রতিদিনই বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ও কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। দিনের ও রাতের তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই, তবে শেষের দিকে তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আগামী পাঁচ দিনের বর্ধিত পূর্বাভাস অনুযায়ী দেশে বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পেতে পারে। ফলে চট্টগ্রাম বিভাগের নিচু এলাকা ও পাহাড়ি অঞ্চলে ভারী বৃষ্টিজনিত পরিস্থিতির বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর