Cvoice24.com

মহেশখালীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সিভয়েস২৪ প্রতিবেদক
১১:৪৫, ৯ আগস্ট ২০২৬
মহেশখালীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) বেলা পৌনে ১১টার দিকে হেলিকপ্টারে করে ঢাকা থেকে তিনি মাতারবাড়ীতে পৌঁছান।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন করবেন। এরপর চট্টগ্রামের বাঁশখালী, ফটিকছড়ি ও হাটহাজারীতে নির্ধারিত কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

আরও পড়ুন:এক দিনের সফরে চট্টগ্রাম-কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই মাতারবাড়ী এলাকায় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো হয়। সংশ্লিষ্ট প্রকল্প এলাকা ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্থানীয় প্রশাসনের কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিলেন।

সরকারি সূত্র জানায়, মাতারবাড়ীর কর্মসূচি শেষে দুপুর ১২টার দিকে হেলিকপ্টারে করে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া সমুদ্রসৈকতসংলগ্ন এলাকায় যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

সেখানে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। এ সময় ত্রাণ বিতরণের পাশাপাশি ১০০ গৃহহারা পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দেওয়ার কথা রয়েছে।

পরে ফটিকছড়ি ও হাটহাজারীতে নির্ধারিত কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।