Cvoice24.com

আকবরশাহে চোরাই স্বর্ণ বিক্রির ১৫ লাখসহ গ্রেপ্তার ৩

সিভয়েস২৪ প্রতিবেদক
১১:৪২, ৯ আগস্ট ২০২৬
আকবরশাহে চোরাই স্বর্ণ বিক্রির ১৫ লাখসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানা-পুলিশের বিশেষ অভিযানে চোরাই স্বর্ণ বিক্রির প্রায় ১৫ লাখসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় স্বর্ণের ওজন মাপার একটি ডিজিটাল নিক্তিও উদ্ধার করা হয়।

রবিবার (৯ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার আমিনুর রশিদ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সেতু দাস ওরফে সালাউদ্দিন (৪৩), মোহাম্মদ আলী (৪৩) ও দেবব্রত বণিক ওরফে বলাই বণিক (৩৭)।

পুলিশ জানায়, সেতু দাসের বাড়ি চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড় উঠান এলাকায়। মোহাম্মদ আলীর বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলায়। আর দেবব্রত বণিকের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায়। তিনি বর্তমানে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার হাজারীগলিতে ভাড়া বাসায় থাকেন।

সিএমপির সহকারী কমিশনার আমিনুর রশিদ বলেন, ‘আকবরশাহ থানা-পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। অভিযানে চোরাই স্বর্ণ বিক্রির অর্থ হিসেবে ১৪ লাখ ৮৮ হাজার ৮০০ টাকা এবং স্বর্ণের ওজন মাপার একটি ডিজিটাল নিক্তি উদ্ধার করা হয়েছে।’

তিনি বলেন,  ‘এ ঘটনায় আকবরশাহ থানায় মামলা দায়ের পর গ্রেপ্তার তিনজনকে  গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, থানায় করা একটি নিয়মিত মামলার তদন্তের অংশ হিসেবে শুক্রবার (৭ আগস্ট) সকাল থেকে রাত পর্যন্ত মহানগরের পৃথক তিনটি স্থানে অভিযান চালিয়ে  টাকাগুলো উদ্ধার ও তিনজনকে গ্রেপ্তার করা হয়।

ওসি আরও বলেন, এ ঘটনায় জড়িত অন্য ব্যক্তি বা চক্রের সদস্যদের শনাক্ত করতে তদন্ত চলছে। 

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর