রোহিঙ্গা সেজে বিদেশে পালানোর চেষ্টা, শাহজালালে ডেভিড ইমনের ভাই গ্রেপ্তার
সিভয়েস২৪ প্রতিবেদক
চট্টগ্রামের আলোচিত অপরাধী ডেভিড ইমনের ভাই গোলাম সারোয়ার খানকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তিনি মিয়ানমারের নাগরিক পরিচয় ব্যবহার করে বিদেশে পালানোর চেষ্টা করেছিলেন।
শনিবার (৮ আগস্ট) রাজধানীর বিমানবন্দরের ডমেস্টিক ফ্লাইটের বহির্গমন এলাকা থেকে গোলাম সারোয়ারকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
পুলিশের ভাষ্য, বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করে গোলাম সারোয়ার ওমানে যাওয়ার চেষ্টা করছিলেন। বিমানবন্দরের বহির্গমন এলাকায় অভিযান চালিয়ে ডিবি পুলিশ তাকে আটক করে। এ সময় বিদেশে পালানোর তার চেষ্টা ব্যর্থ হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, জালিয়াতির মাধ্যমে তৈরি করা বিভিন্ন কাগজপত্র ব্যবহার করে গোলাম সারোয়ার নিজেকে মিয়ানমারের নাগরিক হিসেবে পরিচয় দিতেন। এই পরিচয় ব্যবহার করে তিনি ডেনমার্কের ট্রাভেল ডকুমেন্টও সংগ্রহ করেছিলেন বলে প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া গেছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার আমিনুর রশিদ বলেন, ‘গোলাম সারোয়ার খান বড় সাজ্জাদের ফুফাতো ভাই ও সহযোগী। বড় সাজ্জাদের অধীনে তিনি ঢাকা ও চট্টগ্রামে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে তথ্য রয়েছে।’
পুলিশ সূত্র আরও জানায়, বড় সাজ্জাদ বর্তমানে বিদেশে অবস্থান করছেন। সেখান থেকে হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন অনলাইন যোগাযোগমাধ্যম ব্যবহার করে দেশে থাকা সহযোগীদের অপরাধমূলক কর্মকাণ্ডে নির্দেশনা দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর












