Cvoice24.com

এক দিনের সফরে চট্টগ্রাম-কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান

সিভয়েস২৪ ডেস্ক
১১:০১, ৯ আগস্ট ২০২৬
এক দিনের সফরে চট্টগ্রাম-কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান

এক দিনের সফরে আজ রবিবার (৯ আগস্ট) চট্টগ্রাম ও কক্সবাজার আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সফরসূচিতে রয়েছে কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প ও মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন। পাশাপাশি চট্টগ্রামের বাঁশখালী ও হাটহাজারীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কর্মসূচিতে অংশ নেবেন তিনি। সফরের শেষ পর্যায়ে চট্টগ্রাম নগরে বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন,রবিবার সকালে হেলিকপ্টারে ঢাকা থেকে মহেশখালী পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর পরিদর্শন করবেন। একই সঙ্গে মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প ও মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রমও পরিদর্শন করবেন।

এরপর হেলিকপ্টারে চট্টগ্রামের বাঁশখালী যাবেন প্রধানমন্ত্রী। সেখানে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। ত্রাণ বিতরণের পাশাপাশি ১০০ গৃহহারা পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দেওয়ার কথা রয়েছে।

বাঁশখালীর কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী ফটিকছড়ি যাবেন। সেখানে আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরী মাদ্রাসায় হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

এরপর হাটহাজারীর আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় গিয়ে মরহুম আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী।

পরে জেলা পরিষদ ডাকবাংলোয় সংক্ষিপ্ত বিরতির পর হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

সেখানে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০টি পরিবারকে ঘর নির্মাণের সহায়তা হিসেবে প্রতি পরিবারকে ১ লাখ টাকা করে অনুদান দেওয়ার কথা রয়েছে। পাশাপাশি ১৫ জন প্রতিবন্ধীর প্রত্যেককে ১০ হাজার টাকা করে শুভেচ্ছা উপহার হিসেবে আর্থিক সহায়তা দেওয়া হবে।

দিনের শেষ কর্মসূচি হিসেবে চট্টগ্রাম মহানগরের হোটেল রেডিসন ব্লুতে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাদের নিয়ে আয়োজিত সাংগঠনিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী।

সাংগঠনিক সভা শেষে রাত ৯টা ২০ মিনিটে বিমানে ঢাকার উদ্দেশে চট্টগ্রাম ছাড়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে চট্টগ্রাম ও কক্সবাজারে প্রশাসনিক ও নিরাপত্তা প্রস্তুতি জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনাগুলোতে নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি নগরের বিভিন্ন সড়কে সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজও করা হয়েছে।

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি বাড়ানো হয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনা ও প্রবেশপথে নজরদারি জোরদার করা হয়েছে।

অন্যদিকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তারেক রহমানের এটি চট্টগ্রাম বিভাগে প্রথম সফর। এর আগে, গত ১৩ জুন তিনি কক্সবাজার সফর করেছিলেন। ওই সফরে ডুলাহাজারা সাফারি পার্ক, পেকুয়া, চকরিয়া, মেরিন ড্রাইভ ও সমুদ্রসৈকত পরিদর্শন করলেও মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরে যাওয়া হয়নি।

চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, প্রধানমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নিতে চট্টগ্রামে আসছেন। তার সফর নির্বিঘ্ন ও সুন্দরভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসনের পুরো দল কাজ করছে। অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে প্রস্তুতি নিয়েছে।


 

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর