নাইক্ষ্যংছড়ি সীমান্তে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি অস্ত্র উদ্ধার
উখিয়া-টেকনাফ প্রতিনিধি, সিভয়েস২৪
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের নয়াপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ ৪৬ হাজার ইয়াবা, একটি বিদেশি অস্ত্র ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (৯ আগস্ট) রাত ১২টা ১৫ মিনিটের দিকে সীমান্তের ৩১ নম্বর পিলার থেকে প্রায় ১৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়।
সোমবার (১০ আগস্ট) দুপুরে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা রবিবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘুমধুম বিজিবি ফাঁড়ির (বিওপি) সদস্যরা জানতে পারেন, মিয়ানমার থেকে ইয়াবার একটি চালানের সঙ্গে বিদেশি অস্ত্র ও গুলি বাংলাদেশে আনা হতে পারে। ওই তথ্যের ভিত্তিতে ৩৪ বিজিবির একটি দল সীমান্ত এলাকায় অবস্থান নেয়।
পরে নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি অস্ত্র, পাঁচ রাউন্ড গুলি ও ২ লাখ ৪৬ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।
কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, ‘সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অস্ত্র উদ্ধারে বিজিবি কাজ করছে। উদ্ধার করা ইয়াবা, অস্ত্র ও গুলির বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
পাহাড় সব খবর















