চুরির অভিযোগ স্বীকারের পর থানা-পুলিশের হুমকি, যুবকের মরদেহ উদ্ধার রামগড়ে
রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি, সিভয়েস২৪
খাগড়াছড়ির রামগড়ে হেলাল হোসেন সাগর (২০) নামের এক যুবকের গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১০ আগস্ট) সকালে রামগড় পৌরসভার দক্ষিণ সদুকার্বারীপাড়ার নিজ বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত হেলাল হোসেন সাগর ওই এলাকার আমীর হোসেনের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।
পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, শনিবার (৮ আগস্ট) পাশের ঘরের এক চাচির মাটির ব্যাংক চুরি হয়। এ ঘটনায় চাচা-চাচি হেলালকে অভিযুক্ত করেন। পরিবারের ভাষ্য অনুযায়ী, হেলাল বিষয়টি স্বীকার করে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলে ক্ষমা চান। তবে চাচা-চাচি তাকে ক্ষমা না করে থানা-পুলিশের হুমকি দেন। এরপর থেকে তিনি হতাশা ও মানসিক চাপের মধ্যে ছিলেন বলে পরিবারের সদস্যরা জানান।
পরিবারের দাবি, রবিবার রাতে ঘরের আড়ার সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন হেলাল।
নিহতের বাবা আমীর হোসেন জানান, সোমবার সকালে হেলালের মা তার গামছা খুঁজতে গিয়ে ছেলের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। পরে দরজার ফাক দিয়ে ভেতরে তাকিয়ে খাটের ওপর ছেলের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। অনেক ডাকাডাকি করেও দরজা না খোলায় দরজার ফাঁক দিয়ে সেটি খোলার পর তারা হেলালের মরদেহ দেখতে পান।
আমীর হোসেন বলেন, পুরোনো গামছাটি ছিঁড়ে যাওয়ায় হেলালের মরদেহ খাটের ওপর পড়ে যায়। পরে পরিবারের সদস্য ও স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি ঘরের সামনের কক্ষে নেওয়া হয়।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গলায় ফাঁস দিয়ে ওই যুবক আত্মহত্যা করেছেন। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’
ওসি আরও বলেন, ‘পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
পাহাড় সব খবর















