মৃত্যুর সঙ্গে বাজি! ফটিকছড়িতে রুদ্ধশ্বাস অভিযান শেষে উদ্ধার যুবক
ফটিকছড়ি প্রতিনিধি
চোখের সামনে যেন মৃত্যুর সঙ্গে বাজি! চট্টগ্রামের ফটিকছড়িতে চার লাখ ভোল্টের একটি জাতীয় গ্রিড বিদ্যুৎ টাওয়ারের একদম চূড়ায় বসেছিল এক যুবক। খবর পেয়ে ছুটে আসে ফায়ার সার্ভিস, শুরু হয় রুদ্ধশ্বাস উদ্ধার অভিযান। কয়েক ঘণ্টার প্রাণান্তকর চেষ্টায় শেষমেশ অক্ষত অবস্থায় নামিয়ে আনা হয় তাকে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার ফকিরহাট এলাকায় এ ঘটনা ঘটে। তানজিব (২৫) নামের ওই যুবককে সকাল থেকেই একটি উচ্চক্ষমতাসম্পন্ন জাতীয় গ্রিড বিদ্যুৎ টাওয়ারের চূড়ায় বসে থাকতে দেখেন স্থানীয়রা।
অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও উচ্চ ভোল্টেজের লাইনে তাকে দেখে মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক ও উত্তেজনা। খবর পেয়ে ছুটে আসেন উৎসুক জনতাও, ভিড় জমে যায় টাওয়ারের নিচে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল। যেকোনো দুর্ঘটনা এড়াতে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ বিভাগের সঙ্গে যোগাযোগ করে লাইনের সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন করা হয়। এরপর কয়েক ঘণ্টার প্রাণান্তকর চেষ্টা আর স্থানীয়দের সহযোগিতায় অক্ষত অবস্থায় যুবককে নিচে নামিয়ে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।
উদ্ধার হওয়া তানজিব ভোলা জেলার চরফ্যাশন উপজেলার নজরুল নগর ইউনিয়নের উত্তর চর কলমী এলাকার বাসিন্দা সোহরাব সরদারের ছেলে। তিনি কী কারণে বা কীভাবে এত উঁচুতে উঠলেন, কীভাবেই বা এই এলাকায় এলেন— তা এখনো নিশ্চিত হয়নি।
এ বিষয়ে ভুজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, ছেলেটিকে বিদ্যুতের জাতীয় গ্রিড টাওয়ার থেকে নামানো হয়েছে। তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে এবং পরিবারের লোকজন এলে তাদের কাছে হস্তান্তর করা হবে।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর













