Cvoice24.com

পাহাড়ি বনভূমি পরিদর্শনে গিয়ে বন কর্মকর্তার মৃত্যু

প্রতিনিধি, সিভয়েস২৪
১২:১৭, ১ সেপ্টেম্বর ২০২৬
পাহাড়ি বনভূমি পরিদর্শনে গিয়ে বন কর্মকর্তার মৃত্যু

চট্টগ্রামের হাটহাজারীতে পাহাড়ি বনভূমি পরিদর্শনে গিয়ে অসুস্থ হয়ে লুৎফর রহমান (৫৭) নামে বন বিভাগের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) রাতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান। এর আগে দুপুর আড়াইটার দিকে হাটহাজারী পৌরসভার পশ্চিমে দুর্গম উঁচু পাহাড়ি এলাকা থেকে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার সকালে হাটহাজারী বন বিভাগের ডেপুটি রেঞ্জ কর্মকর্তা লুৎফর রহমান পৌরসভার পশ্চিম পাহাড়ের ফিল্ড ফায়ার রেঞ্জসংলগ্ন ময়লার ভাগাড় এলাকার শিলছড়ি নামের স্থানে পরিদর্শনে যান।

পরিদর্শনের একপর্যায়ে দুর্গম উঁচু পাহাড়ে হঠাৎ অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়েন তিনি। পরে বিষয়টি জানাজানি হলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোহাম্মদ আবদুল মান্নানের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। পরে তাকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হয়।

হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।

হাটহাজারী মডেল থানার ওসি মো. জাহিদুর রহমান জানান, প্রাথমিকভাবে স্ট্রোকজনিত কারণেই বন কর্মকর্তা লুৎফর রহমানের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।