কয়েক মাসে দফায় দফায় বদল
এবার বিপিসির চেয়ারম্যান রফিকুল
সিভয়েস২৪ প্রতিবেদক
টানা কয়েক মাসের অস্থিরতার পর অবশেষে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) চেয়ারম্যান পদে নিয়োগ পেলেন অতিরিক্ত সচিব ড. মো. রফিকুল ইসলাম।
রবিবার (৬ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের (বিইপিআরসি) সদস্য হিসেবে কর্মরত ড. রফিকুল ইসলামকে বদলিপূর্বক জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে ন্যস্ত করে বিপিসির চেয়ারম্যান পদে প্রেষণে পদায়ন করা হয়েছে।
এর আগে, তিনি অতিরিক্ত সচিব হিসেবে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে বদলির আদেশাধীন ছিলেন। তবে সেই আদেশের পরিবর্তে তাকে বিপিসির চেয়ারম্যান পদে পদায়ন করা হলো। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
কয়েক মাসে একাধিক পরিবর্তন
চলতি বছরের শুরু থেকেই বিপিসির চেয়ারম্যান পদে একাধিকবার পরিবর্তন হয়েছে। গত ২৯ জানুয়ারি বিপিসির তৎকালীন চেয়ারম্যান মো. আমিন উল আহসানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদায়ন করা হয়।
এরপর ১ ফেব্রুয়ারি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. রফিকুল আলমকে বিপিসির চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়।
পরে ২ ফেব্রুয়ারি অতিরিক্ত সচিব মো. রেজানুর রহমানকে বিপিসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে, তিনি পেট্রোবাংলার চেয়ারম্যান ছিলেন।
তবে দায়িত্ব নেওয়ার প্রায় ছয় মাসের মাথায় ২৬ জুলাই রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব (সংযুক্ত) হিসেবে বদলি করা হয়। তার বদলির কারণ সম্পর্কে সরকারি প্রজ্ঞাপনে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
রেজানুর রহমানকে সরিয়ে দেওয়ার পর ২ আগস্ট জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. জিয়াউল হককে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে বিপিসির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়।
পরে প্রায় এক সপ্তাহ চেয়ারম্যান পদ খালি থাকার পর ১২ আগস্ট জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. মনজুর আলম প্রধানকে বিপিসির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। এই ধারাবাহিকতার পর এবার ড. মো. রফিকুল ইসলামকে বিপিসির চেয়ারম্যান পদে পূর্ণাঙ্গভাবে প্রেষণে পদায়ন করা হলো।
কে এই রফিকুল ইসলাম?
ড. মো. রফিকুল ইসলামের বিসিএস ১৮তম ব্যাচের কর্মকর্তা। শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফলিত রসায়ন ও রাসায়নিক প্রকৌশলে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। এরপর বুয়েট থেকে রসায়নে এমফিল এবং ২০০৪ সালে জাপানের ইওয়াতে বিশ্ববিদ্যালয় থেকে ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ২০১৩ সালে দক্ষিণ কোরিয়ায় ন্যানোটেকনোলজি বিষয়ে পোস্টডক্টরাল গবেষক ও রিসার্চ প্রফেসর হিসেবেও কাজ করেন তিনি।
কর্মজীবনের শুরু ১৯৯৯ সালে, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে (আইএমইডি) সহকারী পরিচালক হিসেবে। এরপর তিনি বিদ্যুৎ বিভাগ ও জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। বিদ্যুৎ বিভাগে সহকারী প্রধান হিসেবে ২০০৪ থেকে ২০০৮ এবং জ্যেষ্ঠ সহকারী প্রধান হিসেবে ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত দায়িত্ব পালনের পর জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে উপসচিব হিসেবে ২০১৩ থেকে ২০২০ সাল পর্যন্ত কাজ করেন।
এরপর ২০২০ থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত যুগ্ম সচিব (পরিকল্পনা) এবং ২০২৪ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের অক্টোবর থেকে তিনি বিইপিআরসিতে সদস্য (অতিরিক্ত সচিব) হিসেবে কর্মরত ছিলেন।
এছাড়া তিনি হাইড্রোকার্বন ইউনিটের মহাপরিচালক হিসেবে অতিরিক্ত দায়িত্বে ছয় মাস কাজ করেন এবং সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
অর্থ-বাণিজ্য সব খবর















