Cvoice24.com

এলপি গ্যাসের দাম বাড়ল

সিভয়েস২৪ ডেস্ক
১৭:০৪, ৪ অক্টোবর ২০২৬
এলপি গ্যাসের দাম বাড়ল

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৮৩৭ টাকা। এতদিন এই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫৮৫ টাকা। সে হিসাবে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে ২৫২ টাকা।

আজ রবিবার (৪ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকেই নতুন দাম কার্যকর হবে।

যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। লিটারপ্রতি অটোগ্যাসের দাম ৭৩ টাকা ৯ পয়সা থেকে বাড়িয়ে ৮৪ টাকা ৬২ পয়সা নির্ধারণ করা হয়েছে।

বাজারে যখন এলপিজির সংকট তীব্র, একই সঙ্গে বাড়তি দামে বিক্রির অভিযোগ— তখন অনেকেই বলছিলেন, সংকটটি কৃত্রিম। দাম বাড়ানো হলে বাজারে সরবরাহ স্বাভাবিক হবে বলেও কেউ কেউ দাবি করছিলেন। এমন পরিস্থিতিতে দাম বাড়ানোর ঘোষণা এলো।

আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম, জাহাজ ভাড়া এবং পরিবহনে ব্যবহৃত ডিজেলের দাম বাড়ার কারণে এই মূল্য সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বিইআরসি।

প্রসঙ্গত, নতুন দাম ঘোষণার আগের দুই সপ্তাহে বাজারে এলপিজি সিলিন্ডার না পাওয়ার অভিযোগ ওঠে। তবে ব্যবসায়ীরা সংকটের কথা অস্বীকার করে আসছিলেন।

এর মধ্যে সেপ্টেম্বর মাসে বিইআরসি নির্ধারিত ১ হাজার ৫৮৫ টাকার ১২ কেজি সিলিন্ডার বাজারে ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত বিক্রির অভিযোগ পাওয়া যায়।

এখন দাম বাড়ানোর পর বাজারে এলপিজির সরবরাহ স্বাভাবিক হয় কিনা, সেটিই দেখার বিষয়।