৫ অক্টোবর অবস্থান কর্মসূচি
চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানের পদত্যাগ চাইল রক্ষা কমিটি
সিভয়েস২৪ প্রতিবেদক
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি প্রতিষ্ঠানের হাতে দেওয়ার উদ্যোগ বন্ধের দাবিতে আগামী ৫ অক্টোবর বন্দর প্রধান ফটকে দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বন্দর রক্ষা কমিটি। একই সঙ্গে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামানের পদত্যাগ দাবি করেছেন শ্রমিক নেতারা। সংগঠনটির পক্ষ থেকে এক মতবিনিময় সভায় প্রথমবারের মতো এ দাবি জানানো হয়।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে বন্দর এলাকার জাতীয়তাবাদী ডক শ্রমিক দলের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা থেকে আগামী ৫ অক্টোবর চট্টগ্রাম বন্দর ভবনের সামনে অবস্থান কর্মসূচি সফল করতে শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার বন্দর চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলেন। তার দাবি, বন্দর চেয়ারম্যান দুবাইভিত্তিক বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের স্বার্থে কাজ করছেন।
কাজী শেখ নুরুল্লাহ বাহার বলেন, বন্দর চেয়ারম্যান একদিকে বলছেন, আরব আমিরাতে লাখ লাখ প্রবাসী বাংলাদেশি বেকার হয়ে যেতে পারেন। অন্যদিকে বলছেন, বন্দরের সব যন্ত্রপাতি অচল হয়ে গেছে। তার এসব বক্তব্য থেকেই প্রমাণ হয়, তিনি ডিপি ওয়ার্ল্ডের লবিস্ট হিসেবে কাজ করছেন।
তিনি আরও অভিযোগ করেন, শেখ হাসিনার সরকারের সময়ে বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক থাকাকালে বন্দর চেয়ারম্যান অনিয়ম করেছেন। সেই সময়ের পথ অনুসরণ করেই তিনি এখনো কাজ করছেন এবং সরকারকে ভুলপথে পরিচালিত করছেন। এ কারণে তার পদত্যাগ করা উচিত বলে দাবি করেন তিনি।
জাতীয়তাবাদী ডক শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ হারুনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন চট্টগ্রাম বন্দর রক্ষা কমিটির সদস্য সচিব ফজলুল কবির মিন্টু, জাতীয়তাবাদী ডক শ্রমিক দলের সাধারণ সম্পাদক তসলিম হোসেন সেলিম, জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল বাতেন, সহ-সাধারণ সম্পাদক ইব্রাহীম ফরাজী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু বক্কর সিদ্দিকী, বন্দর শ্রমিক দল নেতা আব্দুর রউফ লিটন ও চট্টগ্রাম যুব ট্রেড ইউনিয়ন নেটওয়ার্কের সদস্য সচিব হাসিবুর রহমান বিপ্লবসহ আরও অনেকে।
এর আগে, বন্দর রক্ষা কমিটি এনসিটি ও সিসিটি বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা বা পরিচালনার উদ্যোগ বন্ধের দাবিতে ৫ অক্টোবর বন্দর ভবনের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দেয়।
অর্থ-বাণিজ্য সব খবর















