সীলগালা করা ফার্মেসির তালা ভেঙে ওষুধ বিক্রির অভিযোগ
কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ায় উপজেলা প্রশাসনের অভিযানে সীলগালা করে দেওয়া একটি ফার্মেসির তালা ভেঙে আবারও ওষুধ বিক্রির অভিযোগ উঠেছে।
থাইংখালীর মরাগাছতলা এলাকায় শাহ জব্বারিয়া ফার্মেসিতে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের অভিযোগ। ফার্মেসিটির মালিক রিদুয়ান।
স্থানীয়রা জানান, রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন ওই এলাকায় অনুমোদনহীনভাবে কয়েকটি ফার্মেসি পরিচালিত হচ্ছে। এর মধ্যে গত সপ্তাহে উপজেলা প্রশাসন ও ঔষধ প্রশাসনের যৌথ অভিযানে শাহ জব্বারিয়া ফার্মেসি সীলগালা করে দেওয়া হয়।
তবে সীলগালা করার পর ফার্মেসিটির তালা ভেঙে ফের দোকান খুলে ওষুধ বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ করেন স্থানীয়রা।
রিদুয়ান অবশ্য ওষুধ বিক্রির অভিযোগ অস্বীকার করেছেন।
তিনি বলেন, “আমার ভগ্নিপতি দোকানের ভেতরে থাকা ওষুধ নষ্ট হচ্ছে কি না, তা দেখতে দোকান খুলেছিলেন। কোনো ওষুধ বিক্রি করা হয়নি।”
ঔষধ প্রশাসনের কর্মকর্তা মোহাম্মদ ফরহাদ বলেন, সীলগালা করা ফার্মেসি খোলার বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে তিনি জানতে পেরেছেন।
“এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে,” বলেন তিনি।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আকতার বলেন, বিষয়টি তাঁকে জানানো হয়েছে। ঔষধ প্রশাসনের কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
কক্সবাজার সব খবর















