চন্দনাইশে অবৈধ গ্যাস রিফিলিংয়ের স্থাপনার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
চন্দনাইশ প্রতিনিধি
চট্টগ্রামের চন্দনাইশে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার রিফিলিংয়ের অভিযোগে একটি স্থাপনার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমানের নেতৃত্বে পল্লী বিদ্যুতের সহযোগিতায় পরিচালিত মোবাইল কোর্টে এ ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানে চন্দনাইশ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের গাছবাড়িয়া সরকারি কলেজের পশ্চিম পাশে গ্যাস রিফিলিংয়ে ব্যবহৃত একটি ঘরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
প্রশাসন ও স্থানীয়দের ভাষ্য, ওই স্থানে বিভিন্ন কোম্পানির সিলিন্ডার থেকে গ্যাস খুলে খালি সিলিন্ডারে ভরে বিক্রি করা হচ্ছিল। এভাবে গ্যাস রিফিলিংয়ে ভোক্তারা প্রতারিত হওয়ার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও রয়েছে।
ইউএনও মো. আবদুর রহমান বলেন, জনস্বার্থে অবৈধ গ্যাস রিফিলিংয়ের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর













