Cvoice24.com

রংপুরে শিশু ধর্ষণ মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার

সিভয়েস২৪ প্রতিবেদক
১২:০৪, ১ অক্টোবর ২০২৬
রংপুরে শিশু ধর্ষণ মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার

রংপুরের তারাগঞ্জে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি মো. সামিনুর রহমানকে (১৯) চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে এসআরবি-৭ ও এসআরবি-১৩-এর যৌথ আভিযানিক দল। পরে তাকে চান্দগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান এসআরবি-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ।

গ্রেপ্তার সামিনুর রহমান রংপুরের তারাগঞ্জ উপজেলার কৃষ্ণপুর বাহাদুরপাড়া এলাকার গেদা মিয়ার ছেলে।

সহকারী পরিচালক মোসলেহ উদ্দিন আহমেদ জানান, রংপুরের তারাগঞ্জ থানায় দায়ের করা শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি সামিনুর রহমান চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকায় অবস্থান করছেন— গোয়েন্দা সূত্রে এমন তথ্য নিশ্চিত হওয়ার পর অভিযান চালানো হয়।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এসআরবি-৭ ও রংপুরের এসআরবি-১৩-এর যৌথ আভিযানিক দল বাকলিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বলাকা আবাসিক এলাকার জানে আলম এক্সেস সড়কে কর্ণফুলী হার্ডওয়্যার দোকানের সামনে থেকে সামিনুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চান্দগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।