১৫ বছর এনসিটি চালাবে বিদেশি অপারেটর
সিভয়েস২৪ প্রতিবেদক
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও এর আওতাধীন ওভারফ্লো ইয়ার্ড পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব ১৫ বছরের জন্য বিদেশি অপারেটরকে দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এ-সংক্রান্ত খসড়া চুক্তিতে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এর মধ্য দিয়ে দীর্ঘদিনের আলোচনা ও আন্দোলনের মধ্যে এনসিটি বিদেশি প্রতিষ্ঠানের হাতে পরিচালনার প্রক্রিয়া আরও এক ধাপ এগোল।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সচিবালয়ে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৩১তম সভায় নৌপরিবহন মন্ত্রণালয়ের উত্থাপিত প্রস্তাবটি অনুমোদন করা হয়।
জানা যায়, সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) আওতায় ‘মেইনটেন্যান্স অব সিপিএর নিউ মুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইনক্লুডিং ওভারফ্লো ইয়ার্ড (ওসিওয়াই)’ প্রকল্পের অধীনে এ চুক্তির প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত চুক্তির আওতায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রতিষ্ঠানটি দুবাই সরকারের মনোনীত হিসেবে এ প্রকল্পে প্রস্তাব দিয়েছে। তবে চুক্তির চূড়ান্ত বাস্তবায়নের জন্য আরও কিছু অনুমোদন প্রক্রিয়া বাকি রয়েছে।
বন্দর কর্তৃপক্ষের গুরুত্বপূর্ণ স্থাপনা এনসিটি চট্টগ্রাম বন্দরের মোট কনটেইনার পরিবহনের বড় অংশ সামলায়। ২০২৫ সালে বন্দরের মোট কনটেইনার পরিবহনের প্রায় ৪৪ শতাংশ এই টার্মিনালের মাধ্যমে পরিচালিত হয়েছে।
এনসিটি বিদেশি অপারেটরের হাতে দেওয়ার উদ্যোগ নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা-সমালোচনা চলছে। বিভিন্ন শ্রমিক ও রাজনৈতিক সংগঠন শুরু থেকেই এর বিরোধিতা করে আসছে। এ নিয়ে ধারাবাহিক আন্দোলনও হয়েছে।
শ্রমিক সংগঠনগুলোর আশঙ্কা, বিদেশি প্রতিষ্ঠানের হাতে টার্মিনাল পরিচালনার দায়িত্ব গেলে জাতীয় অর্থনৈতিক স্বার্থ, কর্মসংস্থান, শ্রমিকদের অধিকার এবং বন্দরের ওপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন তৈরি হতে পারে। অন্যদিকে, সরকারের পরিকল্পনায় আন্তর্জাতিক অপারেটরের মাধ্যমে টার্মিনালের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থায় পরিবর্তন আনার বিষয়টি রয়েছে।
পিপিপি কর্তৃপক্ষের প্রকল্প-সংক্রান্ত তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক ফাইন্যান্স করপোরেশন (আইএফসি) এ লেনদেনের পরামর্শক হিসেবে কাজ করছে। চুক্তির কাঠামো তৈরি, দরপত্র-সংক্রান্ত নথি প্রস্তুত এবং আলোচনা এগিয়ে নেওয়ার দায়িত্বও তাদের দেওয়া হয়েছে।
এনসিটি পরিচালনার দায়িত্ব বর্তমানে চট্টগ্রাম ড্রাইডক লিমিটেডের হাতে রয়েছে। নতুন চুক্তি কার্যকর ও দায়িত্ব হস্তান্তরের আগে প্রতিষ্ঠানটি টার্মিনাল পরিচালনা অব্যাহত রাখবে।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর















