Cvoice24.com

বন্ধ কারখানা সচলে আইনি পথে এগোচ্ছে সরকার

সিভয়েস২৪ প্রতিবেদক
১৮:০০, ১ অক্টোবর ২০২৬
বন্ধ কারখানা সচলে আইনি পথে এগোচ্ছে সরকার

চট্টগ্রামে বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলো সচল করতে আইনি প্রক্রিয়ায় এগোচ্ছে সরকার। একই সঙ্গে শ্রমিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে আগামী তিন মাসের মধ্যে দৃশ্যমান অগ্রগতি আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মন্ত্রী বলেন, 'বিগত সময়ে অনেক শিল্পপ্রতিষ্ঠানের নামে হাজার হাজার কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। এসব প্রতিষ্ঠানের মালিকদের অনেকে দেশ ছেড়ে চলে যাওয়ায় কারখানাগুলো বন্ধ হয়ে গেছে। তবে বেসরকারি সম্পত্তির বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে।'

তিনি বলেন, 'আমাদের ধারণা হলো, এই মিলগুলোকে বন্ধ না করে কীভাবে সচল করা যায়, আমরা সেদিকে কাজ করছি। এ জন্য পলিসি ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে এগোচ্ছি।'

শ্রমিকদের নিরাপত্তার বিষয়ে মন্ত্রী বলেন, 'দীর্ঘদিনের জমে থাকা সমস্যাগুলো সমাধানে শ্রমিক, মালিক, প্রশাসন ও শিল্প পুলিশের সঙ্গে কথা বলা হচ্ছে। আগামী তিন মাসের মধ্যে এসব বিষয়ে অগ্রগতি আনার চেষ্টা চলছে।'

শ্রমিকদের সচেতনতা ও দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। পাশাপাশি শ্রমিকদের আবাসিক এলাকাগুলোতে সচেতনতামূলক কার্যক্রম চালানোর পরিকল্পনা রয়েছে বলে জানান মন্ত্রী।

কারখানায় দুর্ঘটনার পর দ্রুত ব্যবস্থা নেওয়া এবং দায় নির্ধারণের বিষয়ে একটি কার্যকর ব্যবস্থা গড়ে তোলার কথাও আলোচনায় এসেছে। এ ছাড়া শিশুশ্রম বন্ধে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কমিটিগুলোকে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এ সময় সংসদ সদস্য, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।